লেনিন মূর্তি ভাঙার অভিযোগ BJP-র বিরুদ্ধেফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। এমনকী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলনেত্রী বলেন, 'আমরা কিন্তু সিপিএমের কোনও পার্টি অফিস দখল করিনি। ভোটে জেতার পর থেকে বিজেপি অত্যাচার শুরু করেছে। ক্ষমতায় আসার পরে বলেছিলাম, বদলা নয়, বদল চাই।' এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙচুর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, জিয়াগঞ্জে কয়েক দশকের পুরনো লেনিনের একটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীরা মূর্তিটি ভেঙে ফেলেছে এবং এটি প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ভাঙচুরে বিজেপি সমর্থকরা জড়িত ছিল।
মহুয়া নিজের পোস্টে লিখেছেন, 'গতকাল জিয়াগঞ্জে (গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এবং আমার বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে) বিজেপি কর্মীরা কয়েক দশক পুরনো লেনিনের একটি মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছে এবং দাবি করছে যে তারা এটি শিবাজীর মূর্তি দিয়ে প্রতিস্থাপন করবে। পরিবর্তন উপভোগ করুন।'
Yesterday in Jiaganj (home to singer Arijit Singh & an hour from my home ) BJP workers smashed & brought to the ground a decades- old statue of Lenin claiming they will replace with Shivaji. Enjoy Parivartan. pic.twitter.com/9AEiZ3yDlD
— Mahua Moitra (@MahuaMoitra) May 6, 2026
জানা গেছে মঙ্গলবার রাতে জঙ্গিপুর পুরসভা এলাকার শ্রীপৎ সিংহ কলেজ মোড়ে ভেঙে দেওয়া হয়েছে লেলিনের মূর্তি। যদিও ভারতীয় জনতা পার্টি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি বলছে, এই ঘটনায় তাদের কর্মী বা সমর্থকদের কোনো ভূমিকা ছিল না। দাবি করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী উদযাপনের সময় বিভিন্ন গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিল এবং অজ্ঞাত ব্যক্তিরা এর জন্য দায়ী হতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আসন তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই কেন্দ্রে জিতেছেন বিজেপির চিত্ত মুখোপাধ্যায়। এই আসনে হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন।