রাজারহাট-নিউটাউনও এবার হাতছাড়া তৃণমূলেরপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল এবার গেরুয়াময়। ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি । দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। সোমবার পর্যন্ত ২০৬ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। মঙ্গলবার সকালেই বদলে গেল সেই ফল। আরও একটি আসন জিতে নিল গেরুয়া শিবির। রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ভোটের লড়াইয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। ৩০৯ ভোটে জিতলেন তিনি। ফলে ২০৭ আসন হয়ে গেল বিজেপির।
প্রসঙ্গত, এবার বাংলায় ২০০ পার করে ক্ষমতায় আসছে বিজেপি। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কয়েকটি জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপির। তারমধ্যে একটি হল রাজারহাট-নিউটাউন। রাজ্য জুড়ে ২৯৩ আসনে ভোটগণনা হয়েছিল সোমবার। তারমধ্যে ২৯২টি আসনের ফল ঘোষণা হয়েছে সোমবারই। আটকে ছিল মাত্র একটি আসন। অমীমাংসিত ছিল রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের ফলাফল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রে রি-কাউন্টিং হয়। সেখানেই শেষপর্যন্ত গেরুয়া আবির উড়ল।
সোমবার গণনা চলাকালীন এই কেন্দ্রের লড়াই আক্ষরিক অর্থেই ছিল কাঁটে কা টক্কর। সতেরো রাউন্ডের গণনা শেষে দেখা গিয়েছিল, তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় ৩২৩ ভোটে এগিয়ে রয়েছেন। কিন্তু সেই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি বিজেপি প্রার্থী পীযূষ। বেশ কয়েকটি বুথে কারচুপির সন্দেহ প্রকাশ করে তিনি পুনর্গণনা বা রি-কাউন্টিংয়ের আবেদন জানিয়েছিলেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই আবেদনের গুরুত্ব বিচার করেই নির্দিষ্ট বুথগুলিতে পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই পুনর্গণনাতেই পাশা উল্টে যায়। যে জয়ের মালা তাপসের গলায় ওঠার কথা ছিল, শেষ মুহূর্তে তা ছিনিয়ে নিয়ে যান পীযূষ কানোরিয়া।