
দ্বিতীয় দফার ভোটের আগে বাংলার নির্বাচনী ময়দানে জোরদার হচ্ছে প্রচারের লড়াই। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই রাজ্যে একাধিক সভা করছেন, অন্যদিকে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় ফের যোগ হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম।
আগামী ২৭ এপ্রিল ফের বাংলায় আসছেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, সেদিন সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রথমেই তিনি কল্যাণীতে একটি জনসভায় যোগ দেবেন। এরপর দুপুরে ধনেখালিতে সভা করার কথা রয়েছে তাঁর। দুপুর ২টো নাগাদ দমদমে এবং বিকেল প্রায় ৩টায় রাজারহাট-গোপালপুরে আরও একটি জনসভা করবেন তিনি।
এর আগেও কলকাতায় এসে একাধিক সভায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন যোগী। উত্তর কলকাতার সত্যনারায়ণ পার্কে আয়োজিত একটি জনসভা থেকে তিনি ‘পরিবর্তনের সূর্যোদয়’-এর বার্তা দেন। ওই সভায় উত্তর কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার চালান তিনি।
সভা থেকে যোগীর দাবি ছিল, উত্তরপ্রদেশের মতো উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গেও সম্ভব, যদি নতুন সরকার ক্ষমতায় আসে। তিনি বলেন, 'এই আঁধারের রাজত্ব শেষ করতে হবে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের নতুন ভোর আসবে।'
যোগীর সভায় উপচে পড়া ভিড় দেখে বিজেপি নেতৃত্ব আশাবাদী। দ্বিতীয় দফার আগে এই ধারাবাহিক প্রচার যে নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা মানছেন রাজনৈতিক মহলের অনেকেই।