ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রফের উত্তপ্ত হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। শুক্রবার গভীর রাতে ব্যালট বক্সকে কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কর্মীরা কমিশনের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তোলে। তাদের দাবি, যেই ঘরে কোনও সিসিটিভি ক্যামেরা নেই, সেখানেই রাখা হয় ব্যালট বক্স। এভাবে ৮টি ব্যালট বক্স ওই ঘরে রাখা হয়েছে। এই অভিযোগের জেরে রাতেই আবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
তৃণমূলের পক্ষ থেকে দাবি, যখন ব্যালট বক্স সরানো হয়, তখন কোনও প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন না। এমনকী যেই ঘরে রাখা হয় ব্যালট, সেখানে নেই কোনও সিসিটিভি। এটাতেই আপত্তি তৃণমূল কংগ্রেসের কর্মীদের। সেখানে উপস্থিত কর্মীরা এই নিয়ে প্রতিবাদ শুরু করে। যার ফলে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কেন্দ্রীয় বাহিনী। তারা উপস্থিত তৃণমূল কর্মীদের জায়গা থেকে সরিয়ে দেন। তাতেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।
মাথায় রাখতে হবে, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আর শুক্রবারও এর অন্যথা হয়নি। এই দিনও ভোররাতে ফের অনিয়মের অভিযোগে প্রতিবাদ শুরু করে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
যতদূর খবর, মধ্যরাতের পর আবার এখানে আসেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। তিনি স্ট্রংরুম পরিদর্শনে আসেন। তখন ফের একবার উত্তেজনা ছাড়ায়।
তিনি অভিযোগ করেন, তিনি সেখানে যেতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করে। তাঁর উদ্দেশে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। এই পরিস্থিতিতে রেগে লাল হয়ে যান বিজেপি প্রার্থী। তিনি উপস্থিত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এমনকী তিনি ফেসবুক লাইভেও বিষয়টা নিয়ে বিস্তারিত অভিযোগ করেন।
মাথায় রাখতে হবে, ৪ এপ্রিল বাংলার ভোটের ফলাফল প্রকাশ করা হবে। তার আগেই স্ট্রংরুম নিয়ে শুরু হয়ে গিয়েছে একপ্রস্থ রাজনীতি। তৃণমূল এবং বিজেপি দুই দলই নিজেদের মতো করে স্ট্রংরুমে নিরাপত্তা বসিয়েছে। বিশেষত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখানে সাতটি বিধানসভার স্ট্রংরুম রয়েছে। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুমের ভিতরে সন্দেহজনক গতিবিধি দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ নিয়েই রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে হাজির হন তৃণমূলের শশী পাঁজা ও কুণাল ঘোষ। অপরদিকে সেই সময়ই বাইরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরাও। সেখানে যান বিজেপি নেতা তাপস রায়, সন্তোষ পাঠক।