সাংসেদর গাড়িতে হামলার অভিযোগ দ্বিতীয় দফার ভোটের আগে উত্তেজনা হুগলিতে। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর। সাংসদের অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দৃষ্কৃতীরা। যদিও ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কি না তা এখনও জানা যায়নি।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আরামবাগে। গাড়িতে করে সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন মিতালি। অভিযোগ, রাস্তায় তাঁর গাড়িতে হামলা চালানো হয়। লাঠি, ইট দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলা হয়।
মিতালির অভিযোগ, তখন তিনি গাড়িতেই ছিলেন। ভেঙে যাওয়া গাড়ির কাচ তাঁর শরীরে ফুটে যায়। তিনি সেই অবস্থাতেই যান হাসপাতালে। এদিকে গাড়ি থেকেই ফেসবুক লাইভ করেন সাংসদ।
মিতালির অভিযোগ, তিনি গাড়িতে বসেছিলেন। তখন তাঁকে ও গাড়ি লক্ষ্য করে বিজেপির লোকজন হামলা চালায়। অভিযুক্তরা ইটবৃষ্টি করে। লাঠি দিয়ে আঘাত করে। ফলে কাচ ভেঙে যায়। তিনি কাঁদতে কাঁদতে বলেন, 'আমি সভায় যাচ্ছিলাম। তখনই হামলা হয়। আমাকে প্রাণে মেলার চেষ্টা হয়েছে। কোনওরকমে প্রাণে বেঁচেছি। আমি কোনও দোষ করিনি। এর জন্য দায়ি নির্বাচন কমিশন। তারা উস্কানি দিয়েছে। অমিত শাহ উস্কানি দিয়েছেন। সেই কারণে বিজেপি কর্মীরা এই সাহস পেয়েছে। ভোটের আগে এসব করে হিংসাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আরামবাগের মানুষকে এর জবাব দিতেই হবে।'
শেষ খবর পাওয়া পর্যন্ত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মিতালিকে। সেখানে তিনি চিকিৎসাধীন। যদিও বিজেপির তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভোটে হেরে যাবে বুঝতে পেরে এখন ছলনার আশ্রয় নিচ্ছেন সাংসদ।
এদিকে এই ঘটনায় কড়া পদক্ষেপের কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের।