WB Election Result 2026: প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়, পিছিয়ে TMC, এখন পর্যন্ত কে কোথায় এগিয়ে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনায় দুপুর সাড়ে ১১টা পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে বিজেপি। নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ম্যাজিক ফিগার পার করে ১৬৭টি আসনে এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির।

Advertisement
প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়, পিছিয়ে TMC, এখন পর্যন্ত কে কোথায় এগিয়ে?প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল এগিয়ে রয়েছে ৮০টি আসনে।
হাইলাইটস
  • ভোটগণনায় দুপুর সাড়ে ১১টা পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে বিজেপি।
  • ম্যাজিক ফিগার পার করে ১৬৭টি আসনে এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির।
  • তৃণমূল এগিয়ে রয়েছে ৮০টি আসনে।

West Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনায় দুপুর সাড়ে ১১টা পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে বিজেপি। নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ম্যাজিক ফিগার পার করে ১৬৭টি আসনে এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। অন্য দিকে, তৃণমূল এগিয়ে রয়েছে ৮০টি আসনে। ফল প্রকাশের শুরু থেকেই একের পর এক কেন্দ্রে বিজেপির লিড বাড়তে থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এ দিকে নন্দীগ্রাম, ভবানীপুর, শিবপুর, সোনারপুর-সহ একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে চলছে টানটান লড়াই।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্র থেকে আসতে শুরু করেছে গুরুত্বপূর্ণ আপডেট। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় বিজেপির সরকার গঠন নিশ্চিত। তাঁর কথায়, '১৭০-এরও বেশি আসন পাবে বিজেপি।' নন্দীগ্রাম কেন্দ্রেও তিনি এগিয়ে রয়েছেন বলে দাবি বিজেপির। প্রাথমিকভাবে ভবানীপুরে শুভেন্দু এগিয়ে ছিলেন। যদিও পরবর্তী রাউন্ডে মমতা এগিয়ে যান। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে রীতিমতো টানটান রাজনৈতিক উত্তেজনা। সেখানে কখনও এগিয়ে, কখনও পিছিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল শিবির এখনও আত্মবিশ্বাসী।

গ্রাফ সৌজন্যে: নির্বাচন কমিশন
গ্রাফ সৌজন্যে: নির্বাচন কমিশন

কলকাতা বন্দরে তৃণমূলের শক্ত ঘাঁটিতে বড় লিড নিয়েছেন ফিরহাদ হাকিম। তৃতীয় রাউন্ড শেষে তিনি ২৫ হাজার ৭৮৪ ভোটে এগিয়ে রয়েছেন। ফিরহাদের প্রাপ্ত ভোট ২৭ হাজারের বেশি। বিজেপি প্রার্থী রাকেশ সিং অনেকটাই পিছিয়ে।

হাওড়ার শিবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তিনি প্রায় ৫ হাজার ৮২৩ ভোটে লিড নিয়েছেন। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি কেন্দ্রে বিজেপির ভাল ফলের ইঙ্গিত মিলছে। কালিম্পঙে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ভরত ছেত্রী। শিলিগুড়িতেও বিজেপি প্রার্থী শংকর ঘোষ লিড ধরে রেখেছেন।

ঝাড়গ্রামেও বিজেপির দাপট দেখা যাচ্ছে। সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা প্রায় ১৯ হাজার ভোটে লিড নিয়েছেন।

হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্তু পান এগিয়ে রয়েছেন। সিঙ্গুরেও দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির অরূপ কুমার দাস এগিয়ে। হলদিয়া কেন্দ্রেও বিজেপি প্রায় ২ হাজার ৪০০ ভোটে লিড নিয়েছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি কেন্দ্রে অবশ্য লড়াই জমজমাট। কাকদ্বীপ এবং পাথরপ্রতিমায় এগিয়ে তৃণমূল। তবে সাগরে বিজেপি এগিয়ে রয়েছে। কাকদ্বীপে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা ২ হাজার ৭৪৯ ভোটে লিড নিয়েছেন। অন্য দিকে সাগরে বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল এগিয়ে রয়েছেন।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় ১ হাজার ৭৩৮ ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের রাজনৈতিক মহলে এই কেন্দ্র নিয়েও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

রাজারহাট গোপালপুর কেন্দ্রে অবশ্য এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। প্রথম রাউন্ড শেষে তিনি প্রায় ১ হাজার ৯০০ ভোটে লিড নিয়েছেন।

এ বার বামেদের ফল নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত মাত্র দু’টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। ডোমকল এবং সাগরদিঘিতে কিছুটা লড়াইয়ে রয়েছে তারা। ফলে ‘শূন্যের গেরো’ কাটবে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে।

এ দিকে ভোটগণনা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাঁকুড়ায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনার খবরও সামনে এসেছে। গণনাকেন্দ্রগুলির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ।

দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন্ডে স্পষ্ট, বাংলার রাজনৈতিক সমীকরণ এ বার বড় বদলের দিকে এগোচ্ছে। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে এখনও বহু রাউন্ড গণনা বাকি। ফলে রাজনৈতিক মহল এখন তাকিয়ে পরবর্তী আপডেটের দিকে। 

POST A COMMENT
Advertisement