O Rajagopal
আগামী ৬ এপ্রিল কেরলে বিধানসভা ভোট। তাই প্রচার চলছে জোরকদমে। এই মাঝেই এক বিজেপি নেতার মন্তব্য অস্বস্তি বাড়িয়ে দিল গেরুয়া শিবিরের। কেরলের বরষ্ঠি বিজেপি নেতা তথা দলের একমাত্র বিধায়ক রাজগোপাল বলেন, এই রাজ্যে বিজেপির বৃদ্ধি না হওয়ার কারণ শিক্ষিত মানুষের সংখ্যা বেশি হওয়া। সেই কারণে এখানকার মানুষ চিন্তাভাবনা করে ভোট দেন।
১৪০ আসনের কেরল বিধানসভায় ভোট হচ্ছে এক দফাতেই। ৬ এপ্রিল ভোট হলেও ফলাফল প্রকাশ হবে ২ মে। দক্ষিণের এই রাজ্যে এখন তাই রাজনৈতিক উত্তাপ ক্রমেই চড়ছে। বর্তমানে কেরলে ক্ষমতায় রয়েছে বামেদের নেতৃত্বাধীন LDF জোট। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন UDF ছিল প্রধান বিরোধী শক্তি। এই দুই জোটের মাঝে কেরলে নিজের জমি শক্ত করতে কঠিন পরিশ্রম করছে ভারতীয় জনতা পার্টি। তবে ও রাজগোপালের মন্তব্য ভোটের আগে বিজেপিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে।
ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বরিষ্ঠ বিজেপি নেতা ও রাজগোপাল দল নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন। নেমোম বিধানসভার বিজেপি বিধায়কের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কেন তাঁর দল কেরলে রাজনৈতিক ভিত্তি তৈরি করতে পারছে না? যেখানে বিজেপি হরিয়ানা ও ত্রিপুরায় ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে প্রধান রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে?
এর জবাবে ও রাজাগোপাল বলেন, "কেরল একাবের আলাদা ধরণের রাজ্য, এখানে দু-তিনটি কারণ আছে যা এটিকে অন্য জায়গা থেকে আলাদা করেছে, কেরলে সাক্ষরতার হার ৯০ শতাংশ, এখানকার লোকেরা ভাবনাচিন্ত করেন, তর্ক করেন ... শিক্ষিত লোকেদের এটাই স্বভাব হয়। এটি একটা বিষয়। "
কেরলে বিজেপি-র পিছিয়ে পড়ার দ্বিতীয় কারণ হিসাবে ও রাজগোপাল বলেন যে রাজ্যে ৫৫ শতাংশ হিন্দু এবং ৪৫ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। তিনি বলেন যে, তাই কেরলকে অন্য রাজ্যের সাথে তুলনা করা যায় না। এখানকার পরিস্থিতি ভিন্ন, তবে আমরা ধীরে ধীরে সঠিক দিকে এগিয়ে চলেছি।