দীনেশ ত্রিবেদীদুপুরে রাজ্য়সভায় দাঁড়িয়ে পদত্যাগ, সন্ধে নামতেই TMC নিয়ে বিস্ফোরক স্বাকীরোক্তি দীনেশ ত্রিবেদীর(Dinesh Tribedi) । India Today Conclave East 2021-মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) নিয়ে একের পর এক খোলসা করলেন তৃণমূলের পদত্য়াগী রাজ্য়সভার সাংসদ। কী বললেন তিনি ?
নাম না করে এদিন প্রশান্ত কিশোরকে নিশানা করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একার হাতে দল চালাতেন, তখন ভাল ছিল। যখন থেকে কর্পোরেট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হল, তখন থেকেই নানা সমস্যা শুরু হয়। বর্তমানে দলে একগুচ্ছ ইনসিকিওরড লোকে ভরে গিয়েছে। সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙাচ্ছে। আমি আর এসব নিতে পারছিলাম না। তাই দল ছাড়তে বাধ্য হলাম।
এই বলেই থেমে থাকেননি প্রাক্তন রেলমন্ত্রী। তিনি জানান, যাদের হাত ধরে দল গঠন হয়েছিল তাঁরাই এখন দূরে। পার্টি করা মানেই শুধু ১০-৫টার কাজ নয়। আমি খুব আশঙ্কায় রয়েছি যে দলটি হাতের বাইরে চলে যাচ্ছে। এক সময় বদলা নয় বদলের কথা বলে মানুষের মন জয় করেছিল তৃণমূল। ক্ষমতায় আসার পর বিরোধীদের ক্ষেত্রে এই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বাড়িতে রঙের কাজ করতে গেলেও কিছু লোক বাড়িতে চলে আসছে। এরা তৃণমূলের না হলেও এদের বিষয়ে দল জানে।
এদিন দুপুরে রাজ্য়সভায় পদত্যাগের ঘোষণা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় অধিবেশন চলাকালীন তিনি এই ঘোষণা করেন। সেই সময়ে বাজেট নিয়ে বিতর্ক চলছিল অধিবেশনে। সংসদে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলার উন্নয়নের জন্য আমি পদত্যাগের ঘোষণা করছি। সূত্রের খবর, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এখনও এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। দলে এলে স্বাগত জানানো হবে বলেছেন রাজ্য় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এক সময়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তিনি। ফলে আচমকা তাঁর এই পদত্যাগের ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
কেন তিনি পদত্যাগ করলেন ,তা নিয়ে এদিন রাজ্য়সভায় দীনেশ ত্রিবেদী বলেন, আমি আমার মনের কথা বলছি, আমি আর চুপ থাকতে পারছি না। আমি তাই ইস্তফা দিচ্ছি। ওখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। রেলমন্ত্রী থাকার সময়ে দলের থেকে দেশকে এগিয়ে রেখেছিলেন সেটাও তিনি এদিন উল্লেখ করেন। বাংলার মানুষের কাছে গিয়ে দাঁড়াব আমি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। সবাইকে কখনও না কখনও নিজের আত্মার কথা শুনতে হয়। কয়েকদিন আগে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করেন তিনি।
India Today Conclave East 2021: বিজেপির সংগঠন গড়তে ২৫ বছর লাগত, কোন টোটকায় বঙ্গে বাজিমাত কৈলাসের
দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রসঙ্গে সৌগত রায় বলেন, এটা দুঃখজনক ঘটনা। সমস্যা থাকলে আগে থেকে জানানো প্রয়োজন ছিল। লোকসভায় উনি হেরে যাওয়ার পরে দল তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। উনি এমন সিদ্ধান্ত নেওয়ায় দুঃখিত। আগে আমায় একবার বলেছিল। তবে বিষয়টা যে এতটা গুরুতর তা বুঝিনি।