ভারতীয় দলে উপেক্ষিত শামি?ভারতীয় দলে কি উপক্ষিত হচ্ছেন মহম্মদ শামি? তাঁকে কি ইচ্ছে করে দলের বাইরে রাখা হচ্ছে? ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে শামিকে? এবার বিষয়টা নিয়ে মুখ খুলছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি ও ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেছেন, মহম্মদ শামিকে ভারতীয় দলে উপেক্ষা করা হয়নি। বরং তিনি দেশের হয়ে প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পয়েছেন।
কেন বিতর্ক?
আসলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। সেই টুর্নামেন্টে ৯টি উইকেট নিয়েছিলেন এই পেসার। তারপর থেকেই ভারতীয় দলে দেখা যায়নি শামিকে।
এরপর থেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন শামি। তিনি কঠোর পরিশ্রম করছেন। সদ্য শেষ হওয়া দলীপ ট্রফিতে ইস্ট জোনের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলার এই পেসারের। তিনি সবসময় গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন।
সাউথ জোনের বিরুদ্ধে প্রথম ইনিংসে রবিচন্দ্রন স্মরণ এবং শেখ রশিদকে আউট করেন শামি। শেষ পর্যন্ত ৩৩৬ রানে অলআউট হয়ে যায় সাউথ জোন।
এর আগে ইস্ট জোন প্রথম ইনিংসে ৩৭২ রানের বড় লিড নিয়েছিল। সেটাই দলীপ ট্রফি জয়ের জন্য যথেষ্ট ছিল। এমন পরিস্থিতিতে ভারতীয় দল শামিকে উপেক্ষা করছে বলে অভিযোগ ওঠে। যদিও বিষয়টা উড়িয়ে দেন সৌরভ।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ নিজের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, ১০ হাজারের বেশি রান করার পরও একসময় ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু পরে তিনি আবার জাতীয় দলে ফিরেছিলেন।
যদিও এখন কেন শামি ভারতীয় দলে চান্স পাচ্ছেন না, সেটা নিয়ে নিশ্চিত নন সিএবি সভাপতি। কারণ, ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্স যথেষ্ট ভাল।
তিনি বলেন, 'ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন ভাল করছে শামি। আমিও ১০ হাজার রান করার পর এক বছর জাতীয় দলের বাইরে ছিলাম। পরে কামব্যাক হয়েছে। ও ভাল করার চেষ্টা করছে। কেন ওকে এখন দলে নেওয়া হচ্ছে না, সেটা জানি না। তবে ও ভালো খেলছে এবং পারফর্ম করছে।'
বিশ্বকাপ খেলবে শামি?
সৌরভ আরও বলেন, '২০২৭ সালের বিশ্বকাপে ও খেলবে কি না, সেটা নিয়ে এখনই বলা খুব কঠিন। কারণ, বিশ্বকাপের এখনও এক বছর বাকি। ওকে উপেক্ষা করা হয়নি। ও দেশের হয়ে অনেক খেলেছে।'
এছাড়া দলীপ ট্রফির ফাইনালে ঈশান কিষানের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সিএবি সভাপতি। ভারতীয় টেস্ট দলে ঈশান আবার ফিরবেন বলেও আশা রয়েছে সৌরভের।
তিনি বলেন, 'আজ দুপুরে ঈশানের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁর পারফরম্যান্স দুর্দান্ত। প্রত্যেক তরুণ ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে চায়। আশা করি ও খেলবে। বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং দলীপ ট্রফির ফাইনালে ও অসাধারণ পারফর্ম করেছে।'