ইস্টবেঙ্গলইস্টবেঙ্গলের দায়িত্ব কি ছাড়তে চাইছে ইমামি? লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায় তেমন ইঙ্গিতই পাওয়া গেল। তবে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া এখনই খুলছে না। সামনেই আইএসএল। এ মরসুমে কিশোর ভারতীতে লাল-হলুদ ক্লাব সব ম্যাচ খেললে কোনও ম্যাচই দেখতে যাবেন না ক্লাব কর্তারা এমনটাই জানিয়ে দিলেন দেবব্রত।
ইমামি গ্রুপের পক্ষ থেকে ইস্টবেঙ্গল কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন বিকল্প না পাচ্ছেন, ততদিন ইমামি থেকে যাবে। দেবব্রত বলেন, 'আমরা কিন্তু ইমামাইর কাছে দারুণ ভাবে ঋণী, যে সময় তারা এসে আমাদের সঙ্গে গাঁটছড়া বেধেছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে এবং এখনো মনীশ বাবু আদিত্য বাবুরা বলেন, যতদিন আপনারা কাউকে অল্টারনেটিভ পাচ্ছেন ততদিন আমরা কিন্তু চালিয়ে যাব। চেষ্টা করুন। আমাদের বেসিক স্পোর্টসে উৎসাহ নেই। আমরা ধার্মিক। ঠাকুর দেবতা, সামাজিক নানা কাজে সীমাবদ্ধ থাকি। তাই আপনারা যতদিন না পাচ্ছেন আমরা আছি। আপনারা চেষ্টা করুন। ওনারা সব সময় অভয় দেন। আমরা চেষ্টা করি ডোনেশন, স্পন্সর এনে দেওয়ার।'
কিশোর ভারতীতে খেলা নিয়ে কিছুই জানেন না ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে দেবব্রত বলেন, 'আমার কাছে এরকম কোনও খবর নেই যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। আমি যতটুকু জানি ইস্টবেঙ্গল যুবভারতীতেই খেলবে। মাঝেমধ্যে এক একটা ম্যাচ হয় সেটা আলাদা ব্যাপার। যুবভারতীতে যদি অন্য ম্যাচ হয় তবে যেতে পারি। কিন্তু সদস্য সমর্থকদের বাদ দিয়ে কখনই যাব না। তবে আমার এটাও বিশ্বাস ইমামি কখনই এমনটা করবে না।'
তবে কিশোর ভারতীতে খেলা কেন কঠিন সে ব্যাপারেও মুখ খুলেছেন দেবব্রত। বলেন, 'আমাদের জন্য খুব কঠিন। কারণ আমাদের ক্লাব সদস্যদের নিয়ে। মেম্বারদের টিকিট না দিয়ে খেলা দেখার সুযোগ না দিয়ে আমরা কিশোর ভারতীতে চলে যাব তা হতে পারে না। কারণ, আইএসএল ঘিরে সারা বছর ধরে যা ডামাডোল চলেছে তার মধ্যে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই বলেছে, আইএসএল হবে। ইস্টবেঙ্গল সভ্য সমর্থকরা ম্যাচ উপভোগ করবে বলে অপেক্ষা করেছে। ৬,০০০ দর্শকের ভিতরে আমরা সদস্যদের কী টিকিট দেব, সমর্থকদের কী বার্তা দেব? স্পন্সরদের কী দেব? অতিথিদের কী দেব? সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছে টিকিট পউছে দিতে হয় তাদের কী দেব? মনে হয় না আমাদের কম্পানি এটা করবে। তাদের তো একটা নির্দিষ্ট বাজেট ছিল। এর বাইরে যাবে বলে মনে হয় না।'