
গোটা বিশ্বে সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ হল আইপিএল (Indian Premier League)। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই লিগ বহু অনামী ক্রিকেটারের ভাগ্য বদলে দিয়েছে। বহু ক্রিকেটার এমনও আছেন যাঁরা আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল। এই তালিকায় যুক্ত হল আরও একটা নতুন নাম। তিনি হলেন রাজস্থান রয়্যালস দলের রাহুল তেওটিয়া।

আইপিএল টুর্নামেন্টের গত মরশুমে একটা ওভারে পাঁচটা ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল। তারপর থেকেই তিনি প্রচারের আলোয় উঠে আসেন। আইপিএল টুর্নামেন্টে এই পারফরম্যান্সের পর রাহুলের উপরে প্রত্যাশার চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। এরপর যখন তিনি ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে নামবেন, তখন ১৩০ কোটির প্রত্যাশা তাঁর উপর থাকবে।

অন্যদিকে যে বোলারকে রাহুল পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন, তাঁর বর্তমান অবস্থা তেওটিয়ার একেবারে বিপরীত। আমরা শেলডন কটরেলকে নিয়ে আলোচনা করছি। গত মরশুমের আইপিএলে শেলডন কটরেল ৮.৫ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন, আর তখন থেকেই তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। যে ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজ়ের বাইরে মাত্র হাতেগোনা কয়েকজন চিনতেন, তিনি এত বেশি দাম পাওয়ার পর রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

তবে ২০২১ আইপিএলে কটরেলের নাম না তো আইপিএল স্কোরবোর্ডে থাকবে, আর না থাকবে কোনও ফ্র্যাঞ্চাইজ়ির তালিকায়। গত বছর তিনি সাড়ে আট কোটিকে বিক্রি হয়েছিলেন ঠিকই কিন্তু এবার কোনও ফ্র্যাঞ্চাইজ়িই তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। তবে যদি কোনও ফ্র্যাঞ্চাইজ় শেলডন কটরেলকে না কেনে, তাহলে তার পিছনে একমাত্র দায়ি হল তাঁর পারফরম্যান্স। মনে করা হচ্ছে, গত মরশুমের ওই পাঁচটা বলই এবারের নিলামে তাঁকে কেনার ব্যাপারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যে পাঁচটা বল সোজা উড়ে গিয়ে বাউন্ডারির বাইরে পড়েছিল। এই পাঁচটা বলের দুঃস্বপ্ন কটরেল হয়ত জীবনেও ভুলতে পারবেন না।

১৭ ওভার পর্যন্ত কিংস ইলেভেন পঞ্জাব জয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ১৮তম ওভারটাই ম্যাচের একেবারে টার্নিং পয়েন্ট হয়ে গেল। রাহুল তেওটিয়া কটরেলের এই ওভারে পাঁচটা ছক্কা হাঁকান এবং রীতিমতো শোরগোল ফেলে দেন। সেইসঙ্গে এই ক্যারিবিয়ান বোলারের আত্মবিশ্বাস তিনি একেবারে ভেঙে দেন। এই ম্যাচের পর তেওটিয়াকে গোটা ক্রিকেট বিশ্ব চিনতে শুরু করে।

আইপিএল ২০২০-র পর এই দুই ক্রিকেটারের পারফরম্য়ান্স যদি বিচার করা যায়, তাহলে দেখা যাবে রাহুল তেওটিয়া এই মরশুমে আটটা ম্যাচ খেলেছেন এবং এরমধ্যে তিনি চারটে উইকেট শিকার করেছেন এবং ১৫৮ রান করেছেন। অন্যদিকে শেলডন কটরেল পাঁচটা ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন এবং ১৩ রান করেছেন।