প্রয়াত নুক্কড় অভিনেতা সমীর খাকরবলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুর পর আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সমীর খাকর। আশির দশকে ডিডি চ্যানেলে নুক্কড় সিরিয়ালে সমীরের খোপড়ি চরিত্রটি দারুণভাবে দর্শকদের পছন্দ হয়েছিল। ৭১ বছর বয়সে মুম্বইতে মারা যান এই অভিনেতা। প্রসঙ্গত, সমীর খাকর থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে সিনেমা-টিভি সবেতেই কাজ করেছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে সরে ছিলেন। ১৯৯৬ সালে আমেরিকায় চলে যাওয়ার পর অভিনেতা ফের কামব্যাক করেন জয় হো সিনেমার হাত ধরে এবং সঞ্জীবনী সিরিয়ালেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: প্রয়াত সতীশ কৌশিক, ভেঙে পড়লেন অনুপম খের
অভিনেতা সমীর তাঁর গুজরাতি নাটক থেকে কেরিয়ার শুরু করলেও নুক্কর সিরিয়ালই জনপ্রিয়তা এনে দেয় সমীর খাকরকে। ৮০ দশকের সেই জনপ্রিয় সিরিয়ালে সমীর চরিত্রটি ছিল এক মাতালের। তবে এই চরিত্রটি তিনি এতটাই জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন যে তিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান। এই সিরিয়াল ছাড়াও অভিনেতাকে দেখা গিয়েছে সার্কাস, নয়া নুক্কর, শ্রীমান শ্রীমতী, মণিরঞ্জন ও আদালত সিরিয়ালেও। সিরিয়াল ছাড়াও সমীর খাকর হাসি তো ফাসি, পাটেল কো পাঞ্জাবী শাদি, পুষ্পক, পরিন্দা ও শাহেনশাহ সহ বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন।
আরও পড়ুন: সতীশ কৌশিককে বিষ খাওয়ানো হয়েছিল? সামনে এল বিস্ফোরক তথ্য
সমীর খাকর দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। তাঁর ভাই গণেশ এ প্রসঙ্গে বলেন, মঙ্গলবার সকাল থেকেই তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। আমরা ডাক্তারকে খবর দিই এবং তিনি আসার পর বলেন যে তাঁকে শীঘ্রই হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। আমরা এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপরই ওঁনার একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ তিনি মারা যান। সমীর খাকরের শেষকৃত্য সম্পন্ন হবে বোরিভালির ভাবাই নাকা শ্মশানে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর স্ত্রীকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ফর্জি, সানফ্লাওয়ার ও সিরিয়াস মেন-সিরিজে।