
পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখার লড়াই। আর পড়শি রাজ্য অসমে পায়ের নীচে জমি শক্ত করার লড়াই। শুক্রবার মধ্যরাতে অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় মোট ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল।
কোন কোন বিধানসভা থেকে কোন কোন প্রার্থী লড়ছেন? জেনে নেওয়া যাক
| ক্রমিক নং | বিধানসভা কেন্দ্র | জেলা | প্রার্থীর নাম |
| ১ | বাওখুংরি | কোকরাঝাড় | উদাংস্রি নারজারি |
| ২ | বিলাসিপাড়া | ধুবড়ি | মোমিনুর ইসলাম |
| ৩ | জালেশ্বর | গোয়ালপাড়া | আরিফ আখতার আহমেদ |
| ৪ | অভয়াপুরি | বঙ্গাইগাঁও | কৌশিক রঞ্জন দাস |
| ৫ | বাজালি | বাজালি | কল্যাণী কলিতা |
| ৬ | চামারিয়া | কামরূপ | দুলু আহমেদ |
| ৭ | বোকো-চায়গাঁও | কামরূপ | ভোগলাল রাভা |
| ৮ | পালাশবাড়ি | কামরূপ | বিকাশ নাথ যোগী |
| ৯ | বরখেত্রী | নলবাড়ি | আমিরুল ইসলাম |
| ১০ | গোরেশ্বর | তামুলপুর | রাজন চৌহান |
| ১১ | মঙ্গলদৈ | দরং | হরে কৃষ্ণ ডেকা |
| ১২ | ধেমাজি | ধেমাজি | নরেন্দ্র কুমার পাও |
| ১৩ | ডিগবয় | তিনসুকিয়া | জিতেন নাগ |
| ১৪ | মাকুম | তিনসুকিয়া | দিলীপ মোরান |
| ১৫ | উদারবন্দ | কাছাড় | তাপস দাস |
| ১৬ | কাটিগড় | কাছাড় | ফজলুর রহমান লস্কর |
| ১৭ | সোনাই | কাছাড় | শাহাজাহান লস্কর |
উল্লেখ্য, অসমে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস অনুযায়ী, তপশিলি জাতি (SC) এবং উপজাতি (ST) প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে ৮টি আসন তপশিলি জাতির জন্য এবং ১৬টি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। অসমে মোট ১২৬টি বিধানসভা আসন। ২০২১ সালে অসমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে বিজেপি সরকারের কাছে ২০২৬ সালের নির্বাচন বড় চ্যালেঞ্জ। কারণ, প্রধান বিরোধী দল কংগ্রেস ভাল লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রার্থী তালিকা ঘোষণা করেদিল তৃণমূলও।
অসমে প্রচারে যাবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়
অসমে এবার মোট ৫১টি আসনে একাই লড়ার ঘোষণা করেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাঙালি অধ্যুষিত অঞ্চলে ভাল ভোট পাওয়ার আশায় ঘাসফুল শিবির। গতবারের মতো এবারেও অসমে বাঙালি আবেগে ভর করে ভোটের ময়দানে নামছে তারা।
গতবারের চেয়ে ভালো পারফর্ম করতে এবার প্রচারে জোর দিয়েছে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গের ১০ জন লোকসভার সাংসদ, ৪ জন রাজ্যসভার সাংসদ, দুই মন্ত্রী যাচ্ছেন অসমে। প্রচারক তালিকায় প্রত্যাশিতভাবেই সবার আগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে তারকা প্রচারক হিসাবে থাকছেন বলিউড তারকা তথা আসানসোলের শত্রুঘ্ন সিনহাও।