
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম বিধানসভা নির্বাচনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় মোট ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। একইসঙ্গে অসমে প্রচারের জন্য স্টার ক্যাম্পেনারদের নামও ঘোষণা করে ফেলেছে তারা। উল্লেখ্য, এবারের প্রার্থী তালিকার মতো স্টার ক্যাম্পেনারদের তালিকাতেও কোনও চমক নেই। দেব, কোয়েলের মতো তারকা না থাকায় কিছুটা ফিকে এবারের লিস্ট। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অসমে গিয়ে প্রচার করবেন বলে জানিয়েছে দল।
তারকা প্রচারকের তালিকায় কারা?
| 1 | মমতা বন্দ্যোপাধ্যায় |
| 2 | অভিষেক বন্দ্যোপাধ্যায় |
| 3 | সুস্মিতা দেব |
| 4 | কাকলী ঘোষ দস্তিদার |
| 5 | সাগরিকা ঘোষ |
| 6 | মহুয়া মৈত্র |
| 7 | মলয় ঘটক |
| 8 | শত্রুঘ্ন সিনহা |
| 9 | বাবুল সুপ্রিয় |
| 10 | শতাব্দী রায় |
| 11 | কীর্তি আজাদ |
| 12 | সায়নী ঘোষ |
| 13 | ইউসুফ পাঠান |
| 14 | শান্তা ছেত্রী |
| 15 | জুন মালিয়া |
| 16 | সিদ্দিকুল্লাহ চৌধুরী |
| 17 | মোসারফ হোসেন |
| 18 | দুলু আহমেদ |
ভবানীপুরে এবার প্রেস্টিজ ফাইট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী এবার শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ লড়াইয়ের পাশাপাশি গোটা রাজ্য জুড়েই প্রধান প্রচারক মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই তিনি স্বয়ং যাবে অসমে ক্যাম্পেইন করতে। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এই ক্যাম্পেনারদের তালিকায় কোনও বড় তারকা মুখ নেই। টলিউড এবং টেলিউডের একাধিক তারকাদের তৃণমূলের প্রচারে দেখা যাবে বলেই মনে করা হচ্ছিল। তবে বাস্তবে দেখা গেল সায়নী ঘোষ, জুন মালিয়া, শত্রুঘ্ন সিনহার মতো দলের সাংসদ ছাড়া আর তেমন কোনও স্টার নেই। এদিকে, পশ্চিমবঙ্গে তাদের এবারের প্রার্থী তালিকাতেও ছিল না কোনও তারকা চমক। নতুন কোনও নায়ক-নায়িকাকে টিকিট দেওয়া হয়নি এবারে। একই স্ট্র্যাটেজি দেখা গেল অসমের স্টার ক্যাম্পেনার তালিকায়।
উল্লেখ্য, অসমে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস অনুযায়ী, তপশিলি জাতি (SC) এবং উপজাতি (ST) প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। বর্তমানে ৮টি আসন তপশিলি জাতির জন্য এবং ১৬টি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। অসমে মোট ১২৬টি বিধানসভা আসন। ২০২১ সালে অসমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে বিজেপি সরকারের কাছে ২০২৬ সালের নির্বাচন বড় চ্যালেঞ্জ। কারণ, প্রধান বিরোধী দল কংগ্রেস ভাল লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রার্থী তালিকা ঘোষণা করেদিল তৃণমূলও। অসমে এবার মোট ৫১টি আসনে একাই লড়ার ঘোষণা করেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাঙালি অধ্যুষিত অঞ্চলে ভাল ভোট পাওয়ার আশায় ঘাসফুল শিবির। গতবারের মতো এবারেও অসমে বাঙালি আবেগে ভর করে ভোটের ময়দানে নামছে তারা।