
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় আমাকে খুন করতে চেয়েছিলেন'। ডোমকলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর। তাঁর দাবি, জেলের কয়েদিদের অধীর চৌধুরীকে খুন করার প্রলোভন দিতেন হুমায়ুন। অধীরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।
ডোমকলে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৫ বছর বিধায়ক ছিলেন। প্রায় ৫ বছর হুমায়ুন কাটিয়েছেন এই জেলায়। দু'বছর কান্দির এসডিপিও। আর বাকি ৩ বছর জেলার পুলিশ সুপার। ওই সময়কালে তাঁর সঙ্গে শাসক দলের যোগ নিয়ে অভিযোগ করলেন অধীর চৌধুরী। তাঁর কথায়,'মুর্শিদাবাদে তৃণমূল দলের প্রতিষ্ঠাতা উনি। কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল গঠন করেছিলেন'।
তিনি যোগ করেন,'মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারি নিয়ে এসেছিলেন হুমায়ুন কবীর। জেলে গিয়ে খুনিদের প্রলোভন দিতেন, তোমাদের জেল থেকে বের করে দেব, অধীর চৌধুরীকে খুন করতে হবে! সেজন্য তাঁকে মেদিনীপুরে পুরস্কার দেওয়া হল'।
মুর্শিদাবাদে পুরনো শত্রুতার জেরে প্রাণহানির আশঙ্কাও করেছেন হুমায়ুন। তাঁর কথায়,'পুলিশ সুপার থাকাকালীন মার্ডার সিন্ডিকেট ভেঙেছিলাম। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখনও রয়ে গিয়েছে মাথারা। তাই নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছি'। তবে অধীরের বক্তব্য,'খতরনাক পুলিশ অফিসার ছিলেন। প্রচুর লোকের ক্ষতি করেছে। এ তো পানি কেসের জনক। নটোরিয়াস পুলিশ অফিসার। কত পরিবারকে ধ্বংস করেছে। তাই মার খাওয়ার ভয় পাচ্ছেন'।