
ছাব্বিশের ভোটে একাধিক নতুন মুখকে প্রার্থী করেছে সিপিআইএম। আর সেই তালিকায় নাম রয়েছে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের। তিনি কালীগঞ্জে প্রার্থী হয়েছেন। আর তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই স্থানীয় পার্টির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয় পার্টি অফিস চলে ভাঙচুর। যদিও এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাননি সাবিনা। তিনি bangla.aajtak.in-কে স্পষ্টতই বললেন, 'এই বিষয়ে আমি কিছু জানি না। কোনও মন্তব্য করব না।'
এরপরই তাঁর কাছে প্রশ্ন ছিল, আপনাকে স্থানীয় পার্টি কর্মীরা প্রচারে সাহায্য করছেন? তাঁর উত্তরে সাবিনার উত্তর, 'আমি বুধবার থেকে প্রচার শুরু করেছি। সকলেই সাহায্য করছে। পার্টির সব স্তর থেকে সাহায্য করা হচ্ছে।'
প্রসঙ্গত, সাবিনার নাম প্রার্থী তালিকায় দেখার পরই কালীগঞ্জের একাধিক সিপিআইএম কর্মীরা ক্ষোভে ফুঁসতে থাকেন। তাঁদের দাবি, সাবিনার রাজনীতির কোনও ইতিহাস নেই। সিপিআইএম-এর ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই। তাও সাবিনাকে প্রার্থী করা হল। যাঁরা অসময়ে পার্টির জন্য মার খেলেন, নিয়মিত সভা-সমিতি করলেন, তাঁদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া হল না। যদিও এই দ্বন্দ্ব নিয়ে একটিও শব্দ খরচ করেননি সাবিনা।
'আমি রাজনীতি বুঝি না'
সাবিনার কোনও রাজনৈতিক ইতিহাস নেই, এমনটা মনে করছেন কালীগঞ্জের সিপিআইএম-এর একাংশ। আর সেই কথাটা মেনেও নিলেন সাবিনা। তিনি বলেন, 'আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করিনি। তামান্নার বিচারের জন্যই রাজনীতিতে নামতে হল।'
কোনও দলের উপর আলাদা করে ক্ষোভ নেই
তিনি জানান, কোনও রাজনৈতিক দলের উপর আলাদা করে ক্ষোভ নেই তাঁর। বরং রাগ রয়েছে তৃণমূলের আলিফা আহমেদের উপর। অলিফা যদি একবার তামান্নার বিচারের কথা বলত, তাহলে কোনও সমস্যা থাকত না।
প্রসঙ্গত, আলিফা জেতার পরই বিজয় মিছিল বেরয়। সেখান থেকে ছোড়া বোমাতেই প্রাণ যায় তামান্নার। তাই আলিফার উপরই রাগ রয়েছে সাবিনার।
সব দলকে ভোট দিতে আহ্বান...
সাবিনা বললেন, 'আমি বিচারের আশা করছি। তাই বিজেপি থেকে শুরু করে সব দলের ভাল মানুষকে বলতে চাই, আমায় ভোট দিন।' পাশাপাশি তিনি ভোটে জিতলে এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়ে দেন।
সুজন, সেলিম প্রচারে যাবেন?
দলেই দ্বন্দ্বের মুখোমুখি সাবিনা। এমন পরিস্থিতিতে কি পাশে রয়েছেন রাজ্য পার্টির প্রথম সারির নেতারা? সাবিনার উত্তর, 'সকলেই আমার পাশে রয়েছেন।' পাশাপাশি নাম না করে তিনি জানালেন, রাজ্যের বড় বড় নেতারা সময় পেলেই তাঁর হয়ে প্রচারে আসবেন। তবে কারা আসবেন, তা নিয়ে মুখ খোলেননি।