
'ভাঙড়ের তাজা নেতা'। এই নামেই পরিচিত আরাবুল ইসলাম। বলা চলে ভাঙড়ের 'ত্রাস'। সেই আরাবুলই এবার আনুষ্ঠানিক ঘোষণা করে তৃণমূল ছাড়লেন। শুধু তাই নয় সরাসরি বিপক্ষ শিবির ISF-এ যোগদান করতে চলেছেন এই দলত্যাগী নেতা। জল্পনা নিয়ে এবার bangla.aajtak.in-এ মুখ খুললেন আরাবুল নিজেই।
ভোটের মুখে ভাঙড়ের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হল। ৩ বারের বহিষ্কৃত নেতা আরাবুল তৃণমূল ছাড়লেন। 'মনের দুঃখেই' নাকি তাঁর এই ইস্তফা। গত কয়েকবছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। একটা সময়ের দাপুটে নেতাকে সরিয়ে ভাঙড়ে শওকত মোল্লাকে কার্যত 'প্রোমোট' করার কারণেই তাঁর দলত্যাগ বলে শোনা যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে ভাঙড় উত্তপ্ত থেকেছে আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে। সেই আরাবুল বিপক্ষ শিবিরে গেলে তৃণমূল কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে ভাঙড়ে? আবার ISF-এ যোগদান করলে বামেদের সঙ্গে জোটে জট পড়তে পারে নওশাদের দলের?
ISF-এ যোগদান করা নিয়ে আরাবুল বললেন, 'আমি কোন দলে যোগ দেব এখনও সিদ্ধান্ত হয়নি। আজ কালের মধ্যেই সিদ্ধান্ত নেব। আমারও তো কিছু লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলে ঠিক করব। আমি আপাতত আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম।' মঙ্গলবারের মধ্যেই তিনি রাজনৈতিক ভবিষ্যৎ চূড়ান্ত করে ফেলবেন বলে খবর।
নওশাদ সিদ্দিকির সঙ্গে কি তাঁর কোনও কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আরাবুল বলেন, 'আমার সঙ্গে সব দলেরই কথা হয়েছে।' তবে তাঁকে ISF-এ নেওয়া হবে কি না, এই নিয়ে নওশাদ এখনও কোনও মন্তব্য করেননি।