
হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে বাংলায় জোট বেঁধে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা AIMIM-এর। বুধবার কলকাতার পাঁচতারা হোটেল থেকে সাংবাদিক বৈঠক করে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বললেন, 'একটা বিষয়ে আমি বড় ভাই হুমায়ুনের সঙ্গে একমত নই। উনি বলেছেন ডেপুটি CM। আমি বলছি, আমরা মুখ্যমন্ত্রীর পদের জন্য লড়াই করব, ইনশাআল্লাহ। উপমুখ্যমন্ত্রী তো হাতের ৬ নম্বর আঙুলের মতো।'
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন ওয়েইসি। তৃণমূলের অভিযোগ, AIMIM BJP-র বি-টিম। এর জবাবে তিনি বলেন, 'আমরা টিম এম। আর গুজরাত যখন জ্বলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বসে ধোকলা খাচ্ছিলেন? বিলকিস বানো যখন ধর্ষিতা হচ্ছিলেন, তখন একজন মহিলা নেত্রী হয়ে উনি কাদের সঙ্গে বসেছিলেন? আয়নায় নিজের মুখ দেখুন, খুব খারাপ দেখতে লাগবে।'
মমতা বন্দ্যোপাধ্যায় 'একটা কমিউনিটি' মন্তব্যের প্রেক্ষিতে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, 'মমতা যখন ছিলেন না, তখনও আল্লাহ ছিলেন। উনি যখন থাকবেন না, তখনও আল্লাহ থাকবেন। জনতা আপনাকে ক্ষমতা দিয়েছে। এটা আপনার অ্যারোগ্যান্স, অহংকার। আপনি ভয় দেখাচ্ছেন। কেউ খতম হবে না। ইংরেজরা আমাদের ২০০ সাল মেরেছে, আমরা খতম হয়েছি নাকি?'
এদিন আসাদউদ্দিন ওয়েইসি হুমায়ুন কবীরকে পাশে বসিয়ে জানান, AIMIM পশ্চিমবঙ্গ নির্বাচনে একটি অথবা ২টি আসনে লড়বে। তবে আম জনতা উন্নয়ন পার্টিকে সর্বত ভাবে সমর্থন জানাবে। পাশাপাশি কলকাতায় একাধিক ব়্যালি করবেন দুই দলের প্রধান। পাশাপাশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিন বাবরি মসজিদ নিয়েও মুখ খোলেন ওয়েইসি। AIMIM প্রেসিডেন্ট দাবি করেন, 'প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র। যেমন ভাবে যে কোনও মন্দির হিন্দুর কাছে পবিত্র, কোনও গির্জা খ্রিস্টানদের কাছে পবিত্র, যেমন কোনও গুরুদ্বারা শিখদের কাছে পবিত্র, তেমনই প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র।' তিনি বলেন, 'কোরানে বলা আছে, আল্লাহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।'