
রাজ্যে SIR শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরই মার্চের শুরুতে রাজ্যে ২০২৬-এর বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা। এর মধ্যেই তৃণমূলকে 'চার্জশিট' ধরাচ্ছে BJP। রাজ্যের প্রতিটি বিধানসভা আসনের জন্য আলাদা আলাদা ‘চার্জশিট’ তৈরি করেছে গেরুয়া শিবির। আর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার জন্য এই 'চার্জশিট' দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় সাংবাদিক বৈঠক করে কলকাতা পুরসভার বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন তিনি। অভিজিৎ বলেছেন, 'মানুষের জীবনধারনের জন্য প্রয়োজনীয় পানীয় জল, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার সহ বিভিন্ন পরিষেবা ঠিকমতো দিতে পারছে না পুরসভা।' যেহেতু রাজ্যের শাসক দলই এখন পুরসভা পরিচালনা করে তাই এই 'চার্জশিট' তাদের বিরুদ্ধেই।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, 'যেহেতু এই পরিষেবাগুলি যাঁরা পান তাঁরাই আসন্ন নির্বাচনে ভোট দেবেন, তাই তাঁদের কথা মাথায় রাখতে হবে।' যদিও তিনি বলেন, 'এই চার্জশিটের কোনও উত্তর অবশ্য রাজ্যের শাসকদল দিতে পারবে না। কারণ তাদের কাছে এ বিষয়ে কোনও উত্তর নেই।' তমলুকের BJP সাংসদ আরও বলেন, 'এই রাজ্যের শাসকদল মানুষের ভোটে ক্ষমতায় নেই। ভোটে ব্যাপক রিগিং, কারচুপি করে ক্ষমতায় এসেছে এই দল। এবার SIR-এর ফলে যেভাবে দুর্নীতি ধরা পড়েছে, তাতে বোঝা গিয়েছে ছাপ্পা ভোটে জিতে তারা শাসন করছে। যদি প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, তাহলে কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভা এমনকী পঞ্চায়েত ভোটেও তারা হেরে যেত। পঞ্চায়েত ভোটে তারা ব্যালট পেপার খেয়ে নিয়ে জেতা প্রার্থীকে হারিয়ে দিয়েছে।'
ইতিমধ্যেই হাওড়ার শিবপুর, উত্তর ২৪ পরগনার পানিহাটি, খড়দহ, বীজপুর, উত্তর দমদম, নদিয়ার কৃষ্ণনগর উত্তর-সহ ১০টি বিধানসভা কেন্দ্রে ‘চার্জশিট’ প্রকাশ করা হয়েছে। আগামী ১০-১৫ দিনে বাকিগুলিও প্রকাশিত হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির।
রিপোর্টার- সুজয় ঘোষ