Advertisement

ভোটের আগে উত্তরপ্রদেশের বাঙালিদের পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে বিজেপি, কেন?

বাংলায় নির্বাচনী প্রচার করতে এবার উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারদের কাজে লাগাচ্ছে পদ্ম শিবির। 'যোগীরাজ্যের সুশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে এই বাঙালি পরিবারগুলিকে বাংলায় প্রচারের জন্য ভাবনা চিন্তা করেছে বিজেপি।

উত্তরপ্রদেশের বাঙালিদের বাংলায় পাঠাচ্ছে বিজেপিউত্তরপ্রদেশের বাঙালিদের বাংলায় পাঠাচ্ছে বিজেপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 9:56 AM IST
  • ছাব্বিশের নির্বাচনে বঙ্গ জয়ের জন্য যাবতীয় চেষ্টা করতে বাকি রাখছে না গেরুয়া শিবির।
  • যে কোনও মূল্যে বাংলা দখল করতে এবার মরিয়া বিজেপি।
  • উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারদের কাজে লাগাচ্ছে পদ্ম শিবির।

ছাব্বিশের নির্বাচনে বঙ্গ জয়ের যাবতীয় চেষ্টা করতে বাকি রাখছে না গেরুয়া শিবির। যে কোনও মূল্যে বাংলা দখল করতে এবার মরিয়া বিজেপি। বাংলায় নির্বাচনী প্রচার করতে এবার উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারদের কাজে লাগাচ্ছে পদ্ম শিবির। 'যোগীরাজ্যের সুশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে এই বাঙালি পরিবারগুলিকে বাংলায় প্রচারের জন্য ভাবনা চিন্তা করেছে বিজেপি। 

সূত্রের খবর,  ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ অভিযানের আওতায় উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যে উন্নয়ন মডেল এবং আইনশৃঙ্খলার চিত্র বাংলায় তুলে ধরার জন্য এই বাঙালিদের ব্যবহার করা হবে। বিজেপি মনে করছে, উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি পরিবারগুলি যদি পশ্চিমবঙ্গে তাঁদের আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে উত্তর প্রদেশের উন্নয়ন ও সুশাসনের বার্তা পৌঁছে দেন, তবে তা বাংলার ভোটে প্রভাব ফেলতে পারে।

জানা গিয়েছে, এই নয়া প্রচার কৌশলের অংশ হিসেবে উত্তরপ্রদেশের বাঙালি পরিবারগুলি ফোন কল, সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এরাজ্যে উত্তরপ্রদেশে 'সুশাসন'-এর চিত্র তুলে ধরবেন। অর্থাৎ যোগীরাজ্যের বাঙালিরা এক্ষেত্রে হবেন বিজেপির তুরুপের একটি তাস।

বিজেপি বরাবরই দাবি করেছে, উত্তরপ্রদেশে গত কয়েক বছরে পরিকাঠামো, বিনিয়োগ এবং শিল্পখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গেরুয়া শিবির চাইছে, সেই উন্নয়নের বার্তাই উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালিরা পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে শেয়ার করে নিক। 

সূত্রের খবর, এই কৌশলের অংশ হিসেবে, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বাঙালিদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিজেপি নেতারা। লখনউ বাঙালি সমাজের অধ্যক্ষ মানস মিত্র তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই মিশনের অংশ হিসেবে কাজ করছেন। তাঁরা যোগীরাজ্যের বাঙালি সমাজকে ভোটের আগে একবার অন্তত বাংলায় এসে সুকৌশলে ভোট প্রচার করাতে চাইছেন। বিজেপি বিশ্বাস করছে, এই ব্যক্তিগত প্রচার বাংলার ভোটে একটি কার্যকরী প্রচার পদ্ধতি প্রমাণিত হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement