Advertisement

BJP Candidate List: প্রথম লিস্টেই দিলীপ, আর কারা টিকিট পাচ্ছেন? BJP-র প্রার্থীতালিকা নিয়ে যা জানা যাচ্ছে...

শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই অবশ্য তাঁর দিল্লির বাসভবনে BJP-র প্রথম প্রার্থীতালিকা ঝাড়াই বাছাই করা হয়েছে। একাধিক বড় নাম থাকতে পারে প্রথম তালিকাতেই। কবে প্রকাশিত হচ্ছে প্রথম ক্যান্ডিডেট লিস্ট?

BJP-র প্রার্থীতালিকায় কারা? BJP-র প্রার্থীতালিকায় কারা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 11:48 AM IST
  • মোদীর বাসভবনে BJP-র প্রথম প্রার্থীতালিকা ঝাড়াই বাছাই
  • একাধিক বড় নাম থাকতে পারে প্রথম তালিকাতেই
  • কবে প্রকাশিত হচ্ছে প্রথম ক্যান্ডিডেট লিস্ট?

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে BJP। দলীয় সূত্রের খবর, দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে অনুষ্ঠিত BJP-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে অর্ধেকের বেশি আসনে প্রার্থীদের নামে সিলমোহর পড়েছে। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভার পরই দল প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে। 

সূত্রের দাবি, কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রায় ১৬০ জন প্রার্থীর নাম নিয়ে একমত হয়েছেন নেতারা। দল বেশিরভাগ বর্তমান বিধায়কদের আবারও প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। 

প্রথম তালিকায় রাজ্য BJP-র বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম থাকতে পারে। এর মধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতো বড় মুখ রয়েছেন। 

এছাড়াও BJP কয়েকজন প্রাক্তন সাংসদকে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রস্তুতি নিচ্ছে। তবে এবার দল বর্তমান সাংসদদের নির্বাচনে প্রার্থী না করারই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য BJP-র সভাপতি শমীক ভট্টাচার্য লড়তে না-ও পারেন বলেই মনে করা হচ্ছে। 

এছাড়াও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, এবারের প্রার্থী তালিকায় মহিলা এবং তরুণ মুখদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে BJP-তে যোগ দেওয়া অনেক নেতার টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। 

নরেন্দ্র মোদীর বাসভবনের বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংহ, বিপ্লব দেব, সুনীল বনসল। রাজ্য থেকে বৈঠকে ছিলেন BJP-র সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের সাংগঠনিক সচিব অমিতাভ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কবে, দিনক্ষণ এখনও জানা যায়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা ঘোষণার সম্ভাবনা। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই ১৬০ জনের তালিকা প্রকাশ করে দিতে পারে গেরুয়া শিবির। 

 

Read more!
Advertisement
Advertisement