
রাজ্যে রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। কখনও রাজনৈতিক সংঘর্ষ তো কখনও অন্য কোনও ঘটনা। এবার ফের একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একাধিক। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বাগানআইট এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে গাড়ি রাখার জায়গা নিয়ে শাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে সালাম মোল্লা-কালাম মোল্লাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে দুই পক্ষের সমর্থকরা উপস্থিত হলে ঘটনাটি রাজনৈতিক আঙিনায় পৌঁছয়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা, তৃণমূল বুথ সভাপতি মেহের আলি মোল্লা-সহ কয়েকজন। আহতদের প্রথমে স্থানীয় নলমুড়ি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পড়ে তাঁদেরকে ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। পালটা আইএসএফ-এর অভিযোগ, পারিবারিক সমস্যা ছিল। হঠাৎ পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। (রিপোর্টার- প্রসেনজিৎ সাহা)