
মালদহের প্রভাবশালী নেত্রী মৌসম নুরকে দলত্যাগ নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি হয় মৌসমের। তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন তিনি। মৌসমের দলত্যাগ নিয়ে আজ, শনিবার মালদার জনসভা থেকে নিশানা করেন। মৌসমকে 'যুদ্ধের সময় পালিয়ে যাওয়া' নেত্রী বলে মন্তব্য করেন।
মমতা বলেন, "নির্বাচন এলেই বসন্তের কোকিল হয়ে বড় বড় কথা বলে পালিয়ে যায়। এখানে মালদায় এত কাজ করার পরেও লোকসভায় দু'টি সিটের মধ্যে একটি কংগ্রেস ও বিজেপি পেয়েছে। এতে লাভ কী হল? তৃণমূল থাকলে আপনাদের জন্য লড়তে পারত। মালদার কোনও প্রতিনিধি ছিল না বলে আপনার ঘরের এক মহিলাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া মুখের কথা নয়। ৬ বছর তিনি ছিলেন। একমাস আগে পদত্যাগ করেছেন। তাঁকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়েছিলেম। মা তার সন্তানকে যতটুকু দিতে পারেন সবটাই দিয়েছেন। কিন্তু ভোটের আগে তিনি অন্য দলে গেছেন, তাতে কোনও আপত্তি নেই আমার। তিনি যে দলেই যান ভালো থাকুন। কিন্তু ভোটটা তাঁদের দেবেন না। তাঁরা তৃণমূল থেকে সব পেয়েছেন, আর যুদ্ধের সময় পালিয়ে গেছেন। পলাতকদের ক্ষমা করবেন না।"
প্রসঙ্গত, ২০০৯ সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তরে জয়লাভ করেছিলেন গনির ভাগ্নি মৌসম বেনজির নুর। ২০১৪ সালেও ‘হাত’ প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসম নুরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। ২০২৪-এ তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকী একুশের বিধানসভাতেও তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও তাঁকে টিকিট দেওয়া হয়নি।
২০০৯ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন মৌসম নূর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়েন। ২০১৫ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে লোকসভা উপনির্বাচনে জয়লাভ করেন। ২০২১ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। তাঁর রাজ্যসভার মেয়াদ ২০২৬ সালের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। বর্তমানে মালদহে প্রয়াত বরকত গনি খান পরিবারের উত্তরসূরি ইশা খান চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের একমাত্র লোকসভা সাংসদ। এই আবহেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরৎ যান মৌসম।