
রাজবংশী প্রার্থী বা ভূমিপুত্রের দাবিতে বেনামি পোস্টার ঘিরে চাঞ্চল্য। বেনামি পোস্টারে লেখা "হৃদয়ে বিজেপি", এখানে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে ৷ যদিওবা এই বেনামি পোস্টারের দায় গিয়ে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের উপর। চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় পোস্টার।
সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই রাজনীতির পারদ চড়ছে। প্রার্থী নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এবার রাজবংশী প্রার্থীর দাবিতে পোস্টার পড়ল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা আসনের ইস্টার্ন বাইপাসে। সোমবার, ১৬ ফেব্রুয়ারি সকালে ইস্টার্ন বাইপাসের মূল সড়কের পাশে একাধিক জায়গায় উত্তরের মাটির মানুষ রাজবংশী প্রার্থীর দাবিতে ওই পোস্টার পড়তে দেখা যায়। আর এই পোস্টার পড়েছে হৃদয়ে বিজেপির তরফে। এদিন সকালে এই পোস্টারের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে। পোস্টারের বিষয়টি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন অভিযোগ উঠেছে বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দলের। অপরদিকে, এই পোস্টার বিভ্রান্তি ছড়াতে রাজ্যের শাসকদলের তরফে লাগানোর অভিযোগ উঠেছে।
ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি শিলিগুড়ি সংলগ্ন এবং ওই আসনে শিলিগুড়ি পুরনিগমের ১৪ টি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। ওই আসনটি জলপাইগুড়ি জেলার অধীনে রয়েছে। জলপাইগুড়ি জেলার মধ্যে ওই আসনটি সংরক্ষিত নয়। বর্তমানে ওই বিধানসভার বিধায়ক বিজেপির শিখা চ্যাটার্জি। যিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তণ মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে পরাজিত করেছিলেন। দলীয় সূত্রে খবর, ওই আসনে এবার টিকিট নিয়ে দড়ি টানাটানি চলছে বিজেপির অন্দরেই। গত বিধানসভায় জয় পাওয়ার পরে সেরকম কোন প্রভাব না ফেলায় এবার প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে দলেরই একাংশের বিরুদ্ধে। আবার দলের একাংশ চাইছে শিখা চ্যাটার্জিকেই ফের একবার প্রার্থী করতে।