
ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশের শীর্ষস্তরে। এক ধাক্কায় রাজ্যের এক ডজন পুলিশ সুপার (এসপি) বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাশাপাশি, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকেও সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে।
সূত্রের খবর, তাঁর জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। ফলে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরেও পরিবর্তন এল।
উল্লেখ্য, এর আগেই সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকেও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এই রদবদল, যা নির্বাচনের আগে প্রশাসনিক মহলে বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যের অন্তত ১২টি জেলায় পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছে বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও মালদহের মতো গুরুত্বপূর্ণ জেলা।
বীরভূমের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১১ ব্যাচের আইপিএস অফিসার সূর্যপ্রতাপ যাদব। কোচবিহারের এসপি করা হয়েছে ২০১৬ ব্যাচের আইপিএস জসপ্রীত সিংহকে। অন্যদিকে, বারাসত পুলিশ জেলার নতুন এসপি হিসেবে দায়িত্বে আসছেন ২০১২ ব্যাচের আইপিএস অফিসার পুষ্পা।
সব মিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কড়াভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই ধারাবাহিক রদবদল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।