Advertisement

Firhad Hakim: 'ভবানীপুরে ৪০% ভোটারের নামে কারচুপি,' সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে দাবি ফিরহাদের

ভবানীপুরে ৪০% ভোটারের নামে কারচুপি হয়েছে বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। সাপ্লিমেন্টারি লিস্ট কিছু বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করলেন কলকাতা বন্দরের TMC প্রার্থী।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 12:56 PM IST
  • ভবানীপুরে ৪০% ভোটারের নামে কারচুপি
  • দাবি করলেন ফিরহাদ হাকিম
  • সাপ্লিমেন্টারি লিস্ট বোঝা যাচ্ছে না বলেও দাবি

প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পরই গুরুতর অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোটারের নামের সঙ্গে কারচুপি করা হয়েছে।'

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান ফিরহাদ। তিনি বলেন, 'সংবিধান মানুষকে ভোটাধিকার দিয়েছে। কমিশন যদি সেই ভোটাধিকার ছিনিয়ে নেয় তবে আমরা কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ব।' 

কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছেন কলকাতার মেয়র তথা তৃণমূলের প্রার্থী। তিনি বলেন, 'যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে কিছু নেই, বিভ্রান্তিকর তালিকা। কার নাম আছে আর কার নাম নেই, কিছু বুঝতে পারছি না। কে পিটিশন করবে, এখনও কেউ জানে না। টিল ফাইভ নৌ অ্যাডজুডিকেশন মানে কী? অর্থাৎ আবার সেই গোল গোল। মানুষকে হেনস্থা করা আতঙ্কে রাখাই এদের কাজ।'

পাশাপাশি ভবানীপুর সহ ৭৩ জন রিটার্নিং অফিসার বদল প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, 'ওরা ভাবছে চিফ সেক্রেটারি সহ সকলকে চেঞ্জ করে BJP-কে জেতাবে। এখন ক্ষমতা আছে তাই রিটার্নিং অফিসার বদল করছে। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এরাই। প্রায় ২০০ মানুষকে হত্যা করেছে।'

কলকাতা বন্দরের প্রার্থী হলেও ভবানীপুর নিয়েই যত মাথাব্যথা ফিরহাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় তার দায়িত্ব কাঁধে নিয়েছেন। আর তার ঘরের দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই আমরা মানুষের কাছে গিয়ে শুধু এটুকু বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, এদিক-ওদিক নয় তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন।'

 

Read more!
Advertisement
Advertisement