Advertisement

Forward Bloc: প্রার্থী আছে, প্রতীক নেই! দেওয়াল লিখনে বড় সমস্যায় ফব

সূত্রের খবর, পুরুলিয়া, হুগলি ও বীরভূমের একাধিক আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও দেওয়াল প্রচার শুরু করা যাচ্ছে না ঠিকমতো। কারণ, দলের প্রতীক, মুখ হাঁ করা, লাফিয়ে ওঠা কেশরওয়ালা সিংহ আঁকতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। ফলে অনেক জায়গাতেই প্রার্থীর নাম থাকলেও প্রতীকহীন ফাঁকা পড়ে রয়েছে দেওয়াল।

ফব-র দেওয়াল লিখন।-ফাইল ছবিফব-র দেওয়াল লিখন।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে ফের ভোটের ময়দানে ফরওয়ার্ড ব্লক।
  • তবে প্রচার শুরু করার ক্ষেত্রেই দেখা দিয়েছে অদ্ভুত এক সমস্যা, দলের প্রতীক আঁকা নিয়েই বিপাকে কর্মীরা।

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে ফের ভোটের ময়দানে ফরওয়ার্ড ব্লক। তবে প্রচার শুরু করার ক্ষেত্রেই দেখা দিয়েছে অদ্ভুত এক সমস্যা, দলের প্রতীক আঁকা নিয়েই বিপাকে কর্মীরা।

সূত্রের খবর, পুরুলিয়া, হুগলি ও বীরভূমের একাধিক আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও দেওয়াল প্রচার শুরু করা যাচ্ছে না ঠিকমতো। কারণ, দলের প্রতীক, মুখ হাঁ করা, লাফিয়ে ওঠা কেশরওয়ালা সিংহ আঁকতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। ফলে অনেক জায়গাতেই প্রার্থীর নাম থাকলেও প্রতীকহীন ফাঁকা পড়ে রয়েছে দেওয়াল।

এই প্রতীক আঁকা মোটেই সহজ নয়। নির্বাচনী প্রচারের অভিজ্ঞ শিল্পীরাও অনেক সময় এই সিংহ আঁকতে গিয়ে সমস্যায় পড়েন। এমনকি দলের প্রবীণ নেতারাও স্বীকার করেন, সঠিকভাবে প্রতীক ফুটিয়ে তোলা বেশ কঠিন। তরুণ কর্মীদের অনেকেই তাই রং-তুলি হাতে নিতে দ্বিধা বোধ করছেন।

২০১৫ সালে পুরুলিয়া জেলা সম্মেলনেও এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে স্বীকার করা হয়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কর্মীরা ঠিকভাবে প্রতীক আঁকতে না পারায় প্রচারে প্রভাব পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই উদ্যোগ নিয়েছে দল।

রাজ্য দফতর থেকে সিংহের ছাঁচ পাঠানো হয়েছে জেলা সংগঠনগুলির কাছে। সেই ছাঁচ ব্যবহার করে দেওয়ালে প্রতীক আঁকার চেষ্টা করছেন কর্মীরা। পাশাপাশি পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে প্রায় ৫০ জন কর্মীকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য পেশাদার শিল্পীও আনা হয়েছিল।

তবুও বাস্তবে দেখা যাচ্ছে, প্রত্যাশিত মানে এখনও সব জায়গায় ফুটে উঠছে না সেই ‘গর্জনরত সিংহ’। ফলে ভোটের মুখে প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম দেওয়াল লিখনেই কিছুটা পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফরওয়ার্ড ব্লকের মধ্যে।

 

Read more!
Advertisement
Advertisement