
২০২৬ সালে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস? দিল্লিতে সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী জবাব, 'আমি রাজনৈতিক জ্যোতিষ নই। তবে আরও বেশি আসন পাব।'
রবিবার পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরোধীতা করতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রাজ্যের SIR প্রক্রিয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেখানে তাঁদেরকে অপমান করা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। আর আজ সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলের আসন সংখ্যা সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। তখনই তিনি রাজনৈতিক জ্যোতিষ নই বলে জবাব দেন।
পার্টির ভোট রণকৌশল কী?
এই প্রশ্নটাও করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার উত্তরে তৃণমূল সুপ্রিমো জানান, ভোটের রণনীতি সম্পর্কে এখন তিনি কিছু জানাবেন না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়।
তাড়াহুড়ে করে SIR চলছে
বাংলায় চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর সেটা তাড়াহুড়ো করে হচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, পশ্চিমবঙ্গে ভুলভাবে SIR হচ্ছে। মানুষকে বিপদে ফেলার সব রকম চেষ্টা করছে কমিশন।
মাইক্রো অবজার্ভার প্রসঙ্গে যা বললেন...
SIR-এর কাজ তদারকি করার জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। আর সেটা একবারেই পছন্দ করছেন না মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই নিয়োগ অনৈতিক। কোনও আইনে মাইক্রো অবজার্ভারদের এতটা ক্ষমতা দেওয়া সম্ভব নয়। ভোটার তালিকায় নাম সংযোজন বা ডিলিটের কাজটা করতে পারে ইআরও এবং এইইআরও। আর তাঁদের উপর ছড়ি ঘোরাতে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মানুষের মৃত্যু হয়েছে
আজকে সাংবাদিকদের সামনে SIR প্রক্রিয়ার জন্য শতাধিক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি করেন মমতা। পাশাপাশি তাঁর দাবি, শুনানির জন্য মানুষের অত্যন্ত হয়রানি হচ্ছে।
৮ ঘণ্টা, ১০ ঘণ্টা দাঁড় করিয়ে রাখছে
SIR শুনানি নিয়েও কমিশনকে একহাত নেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'SIR শুনানিতে ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড় করিয়ে রাখছে। এমনকী অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হচ্ছে শুনানিতে।'
মমতার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন।