
পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বেজে গিয়েছে অনেকদিন আগেই। সব দলই অধিকাংশ আসনে তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এর মধ্যেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা লিয়েন্ডার পেজকে নিয়ে। শোনা যাচ্ছে তাঁকে টিকিটও দিতে পারে বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি পর্যবেক্ষক নীতিন নবীনের সঙ্গে দেখা করেন পেজ, যেখানে রাজ্যের সভাপতি শমিক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার
এর জেরে তাঁর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে গুঞ্জনকে আরও জোরালো করেছে। সূত্র থেকে জানা গিয়েছে, দিল্লিতে শীঘ্রই ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগ দিতে পারেন। দলের নির্বাচনী রণকৌশলকে আরও ধারালো করার লক্ষ্যে নবীনের দুই দিনের কলকাতা সফরের সময়েই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানেই লিয়েন্ডার দেখা করেন। ভারতের টেনিস কিংবদন্তির সঙ্গে রাজনীতির সম্পর্ক নতুন নয়। এর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। গোয়ার দায়িত্ব পান ২০২১ সালে। সেও সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় তাঁকে 'ভাই' বলে সম্বোধন করেন। তবে, ২০২২ সালের জানুয়ারিতে ঘোষিত দলের ৬৯-সদস্যের গোয়া রাজ্য কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, যা সে সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনে যাওয়াই লক্ষ্য?
গত ৮ নভেম্বর লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কয়েক মাসের মধ্যে নতুন ভূমিকায় দেখা যেতে পারে লিয়েন্ডারকে, যা নিয়ে কলকাতার টেনিস কর্তারা বিস্মিত। এ ব্যাপারে কেউ কিছু জানতেন না ভলে দাবি তাঁদের। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার। হয়তো সেই কারণে এই পদক্ষেপ। তবে ভোটের টিকিট পাবেন কি না বা রাজনীতির কী অঙ্ক, সেই বিষয়ে বিটিএ এবং টেনিসমহলের কোনও ধারনা নেই।
দুই দফায় হবে নির্বাচন
২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল। দুই দফায় অনুষ্ঠিত হবে। ৪ঠা মে ফলাফল ঘোষণা করা হবে।