
'মধ্যরাতে SIR লিস্ট কেন বের হবে? এতদিন সময় লাগল কেন?' নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, 'এত ভয় কীসের? তালিকার মধ্যে কি কোনও অস্বচ্ছতা রয়েছে?'
‘কেন মধ্যরাতে লিস্ট?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর
সোমবার রাতে নির্বাচন কমিশনের SIR পরবর্তী প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রথমে সন্ধ্যা ৬টা, তারপর রাত ৯টা; বারবার সময় বদলের পর অবশেষে রাত ১১টা ৫০ মিনিটে তালিকা প্রকাশ করে কমিশন। এই বিলম্ব নিয়ে এদিন সরব হন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, 'মধ্যরাতে SIR লিস্ট কেন বের হবে? এখনও পর্যন্ত পাবলিক জানে না, এখনও লিস্ট বুথে টাঙানো হয়নি। গতকালও ২ জন আত্মহত্যা করেছেন। প্রায় ২২০ জন মানুষ এর মধ্যে মারা গেলেন। এত ভয় কীসের?' তিনি আরও বলেন, 'যেটুকু নাম উঠেছে, সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয় তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের।'
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও কমিশন ইচ্ছাকৃতভাবে দেরি করেছে। তাঁর কথায়, 'স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? বিচারকরা তো অনেক আগেই করে দিয়েছেন। তাহলে আপনারা কেন আরও ৬-৭ দিন সময় নিলেন? আরও কী কী বাদ দিয়েছেন? এক তরফা কি কোনও রাজনৈতিক দলের নাম ঢুকিয়েছেন?' বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, 'বিজেপি ভ্যানিশ। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। এটাই তার প্রমাণ।'
সাপ্লিমেন্টারি লিস্ট
সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। বুথ অনুযায়ী দু'টি ভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য রয়েছে আলাদা তালিকা। ৬ এপ্রিল প্রথম দফা এবং ৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে দফায় দফায় এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ভোটাররা কমিশনের ওয়েবসাইট (voters.eci.gov.in) অথবা ‘ECI অ্যাপ’-এ গিয়ে নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন। ২০২৬ অপশনে গিয়ে এপিক (EPIC) নম্বর দিলেই বিস্তারিত তথ্য মিলবে।
অফলাইনে নাম দেখবেন কীভাবে?
যাঁরা অনলাইনে সাবলীল নন, তাঁদের জন্য জেলাশাসকের অফিস, এসডিও (SDO) বা এডিএম (ADM) অফিসে তালিকা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।