
বুথ স্তরে সংগঠন মজবুত করতে হবে। ভোটমুখী বাংলায় বিজেপির মূল লক্ষ্য স্থির করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার দুর্গাপুরে দলের কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখেন। বুথ স্তরে শক্তি বাড়ানোর উপর জোর দেন। তাঁর সাফ বক্তব্য, ভোটমুখী বাংলায় লড়াই জিততে হলে সংগঠনের ভিত আরও শক্ত করাই একমাত্র উপায়।
মঙ্গলবার কমল মেলার মঞ্চে কিছুটা নরমই ছিলেন নবীন। সরাসরি শাসকদলের বিরুদ্ধে তেমন কিছু বলেননি। তবে বুধবার তার ঠিক উল্টোটাই দেখা গেল। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে 'বাংলাদেশ বানানোর চেষ্টা' করা হচ্ছে বলে অভিযোগ করেন। একসময় বাংলা গোটা দেশকে দিশা দেখাত বলে উল্লেখ করেন। বলেন, সেই বাংলাকেই আজ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ভেঙে পড়েছে। দুর্গাপুরের ধর্ষণ প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সরকার ও প্রশাসন অপরাধীদের আড়াল করতেই বেশি ব্যস্ত ছিল। মুখ্যমন্ত্রী বলছেন, সন্ধ্যার পর মহিলাদের বাইরে বেরনোর প্রয়োজন নেই। নারী ক্ষমতায়নের নিরিখে একসময় বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, আর এখন সেই মাতৃশক্তির উপরই বিধিনিষেধ চাপানোর চেষ্টা চলছে।'
SIR ইস্যুতে তৃণমূলের অপপ্রচারেরও অভিযোগ তোলেন নিতিন নবীন। তাঁর দাবি, প্রশাসনের মাধ্যমে SDO ও BDO অফিসে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, অথচ দায় চাপানো হচ্ছে নির্বাচন কমিশনের উপর। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন কাউকে হেনস্থা করছে না, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে। একই সঙ্গে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে রাজ্য সরকারকে নিশানা করেন। বলেন, 'যারা গরিব মানুষের টাকা চুরি করেছে, তারা জামিনে নয়, জেলেই থাকবে।'
ধর্মীয় উৎসব ঘিরেও সরকারের ভূমিকা নিয়ে সরব হন বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, 'মা দুর্গার পুজোতেও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা সনাতনীরা মেনে নেবে না। ডেমোগ্রাফি বদলের চক্রান্ত করা হচ্ছে।'
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাকেও সেই একই পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
সম্মেলনের শেষভাগে সংগঠন জোরালো করার বার্তা দেন নিতিন নবীন। তিনি জানান, তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের এই বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, 'বুথ স্তরে যদি বিজেপির শক্তি মজবুত হয়, তাহলে বাংলায় পদ্ম ফোটা থেকে কেউ আটকাতে পারবে না।' 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'; স্লোগান দেন।
উল্লেখ্য, সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে এলেন নিতিন নবীন। মঙ্গলবার অন্ডাল বিমানবন্দরে নামার পর দুর্গাপুরের কমল মেলায় গিয়েছিলেন। ভোটের আগে তাঁর এই বাংলায় আসা যে নিছক সৌজন্য সফর নয়, তা বলাই বাহুল্য। বিজেপির সংগঠন নতুন করে চাঙ্গা করাই যে এই সফরের মূল উদ্দেশ্য, তা এ দিনের বক্তব্যেই স্পষ্ট।