
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার লিস্ট। সেখান থেকে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায় ছিল। এদিন তাঁদের মধ্যে থেকে ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টেও দেখা গেল একাধিক ভোটারের নাম নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, এরপরও আবেদন করার সুযোগ রয়েছে। কীভাবে, কার কাছে আবেদন করবেন?
সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করছেন বিচারবিভাগীয় অফিসাররা। এই কাজে প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছেন বলে খবর। কোনও বৈধ ভোটার যদি মনে করেন, তাঁর নাম অযৌক্তিক ভাবে বাদ পড়েছে, তবে তিনি ট্রাইবুনালে আবেদন করতে পারেন। অবসরপ্রাপ্ত বিচারপতি-বিচারকদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন করা যাবে। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি রঞ্জিতকুমার বাগ, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন।
কীভাবে আবেদন করবেন?
অনলাইন ও অফলাইন উভয় ভাবেই নাম যুক্ত করার জন্য আবেদন করতে পারেন। অনলাইনে ECI.net মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে।