
অন্তবর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। আর তার পাল্টা হিসেবে ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এ দিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আপনাদের আমি কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি ক্ষমতায় এলে ১ জুনের আগে ৩ হাজার টাকা দেব। এটা মিনিমাম।'
এই প্রসঙ্গে তাঁর কথায় বারবার উঠে এসেছে অন্য বিজেপি রাজ্যের কথা। তিনি দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে শুধু ভাতা দেওয়া হয় না। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার নানা প্রকল্পও চলে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর কী বলেন?
বিরোধী দলনেতার বক্তব্য, 'আমি অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেছি যে আপনারা গোয়াতে ৫ হাজার টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর পশ্চিমবাংলায় মাত্র ৫০০ টাকা বাড়ান হচ্ছে। কেন ৫০০০ টাকা নয়? কারণ, এটা ভোটের কথা মাথায় রেখে বাড়ান হচ্ছে।'
এটা নির্বাচনকে সামনে রেখে করা বাজেট
পশ্চিমবঙ্গ বাজেট সম্পর্কে তিনি আরও দাবি করেন, 'এটা একটা নির্বাচনী প্রতিশ্রুতি। এপ্রিল মাস থেকে এসব আর কার্যকর করা যাবে না। এটা সবাই জানে। ফাইনাল ভোটার লিস্ট বেরনোর পর যে কোনও সময় মডেল কোড অব কন্ডাক্ট চালু হয়ে যাবে। তাই এপ্রিল মাস থেকে যেই সব প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, সেগুলি কোনওটাই কার্যকর হওয়া সম্ভব নয়।'
যুবশ্রীর নাম বদলে 'যুবসাথী' করেছেন
এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে যুবসাথী নামে একটি প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের অধীনে মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকেরা প্রতিমাসে পাবেন ১৫০০ টাকা। ৫ বছর দেওয়া হবে এই সাহায্য।
যদিও এই প্রকল্পকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, 'যুবশ্রীর অপমৃত্যু ঘটিয়েছেন। সেই যুবশ্রীর নাম বদলে যুবসাথী করেছেন। ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে ঘোষণা করেছেন।'
এখানেই শেষ না করে তাঁর দাবি হল, মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছেন। যুবশ্রী প্রকল্পের বদলে নাম দিয়েছেন যুবসাথী।
রাজস্ব বৃদ্ধি নিয়ে কিছু বলা হয়নি
তিনি বলেন, 'এই বাজেটে রাজস্ব বৃদ্ধির কোনও বার্তা নেই। এটা বেকার বিরোধী বাজেট। চাকরির কোনও লক্ষ্যমাত্র নেই।' এই কারণে বাজটকে 'দিশাহীন' এবং 'মিথ্যাচারের দলিল' বলেও দাগিয়ে দেন শুভেন্দু।