
বুধবার রাতে আবার পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। ভোটের আগে বাংলার ১৫ জন আইপিএস অফিসারকে তামিলনাড়ু এবং কেরলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে বলে খবর। তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন।
কারা রয়েছেন এই তালিকায়?
ভোটের আগে রাজ্য পুলিশের খোলনলচে বদলে দিতে চাইছে কমিশন। সেই মতো ১৫ জন আইপিএস বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন, অলোক রাজোরিয়া, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়া, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর শর্মা, মুকেশ, ওয়াকার রাজা, প্রবীণকুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ কাররা ও রশিদ মুনির খান। এই সব আধিকারিককে দ্রুত কাজে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের তালিকায় নাম ছিল না
মাথায় রাখতে হবে, সাধারণত কোনও আইপিএস-কে অন্য রাজ্যে নিয়ে যেতে চাইলে প্রশিক্ষণের তালিকায় নাম রাখে কমিশন। তবে এই ১৫ জনের ক্ষেত্রে এমনটা হয়নি। তাঁদের নাম ছিল না প্রশিক্ষণের তালিকায়। যার সহজ অর্থ করলে দাঁড়ায়, এঁদের ভিন রাজ্যে পাঠানোর পরিকল্পনা ছিল না কমিশনের। বরং নির্দিষ্ট পরিস্থিতিতেই এই সব আইপিএস-দের অন্য রাজ্যে পাঠান হল।
কেন প্রশিক্ষণ ছাড়াই ভিন রাজ্যে ট্রান্সফার?
এই প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে কমিশন সূত্রে। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়। চাইলে প্রশিক্ষণ ছাড়াই কমিশন ভিন রাজ্যে পাঠাতে পারে।
আর কমিশনের এই সিদ্ধান্তের বিরোধীতাই সরব হয়েছেন অনেকে। তাঁদের মতে, কমিশন যাঁদের প্রশিক্ষণ দিয়েছে, তেমন অনেককেই এখনও ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠান হয়নি। কিন্তু প্রশিক্ষণ না পেয়েই অনেককে বদলি করা হচ্ছে। দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে।
যদিও ভোটের সময় কমিশনের হাতেই থাকে আইনশৃঙ্খলা। তাই তারা চাইলেই যে কোনও ধরনের বদল করতে পারে বলে দাবি করছে বিশেষজ্ঞদের একাংশ।
৫ ডিআইজি বদল
বুধবার আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাঁদের পক্ষ থেকে রাজ্যের ৫ ডিআইজি বদল করা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে আনা হয়েছে আইপিএস অজিত সিংহ যাদবকে। জলপাইগুড়ি রেঞ্জে আনা হয়েছে আইপিএস অঞ্জলি সিংহকে। বর্ধমান রেঞ্জে শ্রীহরি পাণ্ডেকে আনা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে কঙ্করপ্রসাদ বারুইকে। এই সব নতুন ডিআইজি-দের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে।