
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের(Gyanesh Kumar) অপসারণের দাবিতে লোকসভা ও রাজ্যসভায় প্রস্তাব পেশ করল TMC। ইতিমধ্যেই ১৯৩ জন সাংসদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যে বিধানসভা ভোটের আগে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বড় উদ্যোগ নিল Trinamool Congress।
নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে SIR ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বার সরাসরি সংসদে জ্ঞানেশের অপসারণের দাবি তুলল তৃণমূল।
কী কী অভিযোগ তোলা হয়েছে?
তৃণমূল সূত্রে খবর, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'অসদাচরণ' এবং 'পক্ষপাতিত্বে'র অভিযোগ তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu) কাছেও আবেদন জানানো হয়েছে। সংসদের দুই কক্ষেই আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের নিয়ম কী?
সংবিধান অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। সংবিধানের ৩২৪(৫) ধারায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। বিচারপতিদের মতোই ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করা যেতে পারে।
বর্তমানে ১৯৩ জন সাংসদের সই সংগ্রহ হলেও সেই সংখ্যাটি প্রয়োজনীয় সীমার থেকে অনেকটাই কম। অল্প সময়ে এত বড় সমর্থন জোগাড় করা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে সংখ্যার অঙ্কের বাইরে গিয়ে এই পদক্ষেপের রাজনৈতিক বার্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অনেকে। বিশেষ করে ভোটমুখী একাধিক রাজ্যে এই প্রস্তাবের মাধ্যমে তৃণমূল কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।