
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি তীব্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের কাজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরান পাঠের মাধ্যমে নিজের হাতে ইট গেঁথে নির্মাণকাজ শুরু করে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) প্রধান হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে মসজিদের নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এবার উত্তরপ্রদেশের মন্ত্রী অনিল রাজভর হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR দায়ের করেছেন।
বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR দায়েরের বিষয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী অনিল রাজভর বলেছেন, 'মসজিদ তৈরিতে কারও আপত্তি নেই, তবে যদি কেউ লুণ্ঠনকারীর নামে মসজিদ তৈরি করার চেষ্টা করে, অথবা কেউ যদি ভারতবিরোধী মানসিকতার আক্রমণকারীর নামে এমন কাজ করে, তবে তা মোটেও সহ্য করা উচিত নয়, এবং পশ্চিমবঙ্গের মানুষও তা সহ্য করবে না। এই দেশও এমন মানসিকতা সহ্য করবে না। এটা খুবই খারাপ।'
প্রসঙ্গত এর আগে হুমায়ুনের বাবরি নির্মাণ নিয়ে মুখ খুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ১০ ফেব্রুয়ারি বলেন, 'কেয়ামতের দিন' কখনও আসবে না, তাই বাবরি মসজিদ কাঠামো কখনও পুনর্নির্মাণ করা হবে না। বারাবাঁকিতে ওই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেছিলেন, 'আমরা বলেছিলাম যে রামলালা আসবেন, আমরা সেখানে মন্দির তৈরি করব। মন্দির নির্মাণ করা হয়েছে। এই নিয়ে কোনও সন্দেহ আছে কি?' তিনি বলেন, 'কেয়ামতের দিন' কখনও আসবে না এবং তাই বাবরি কাঠামোর পুননির্মাণ হবে না। যারা কেয়ামতের আগমনের স্বপ্ন দেখছে তারা এভাবেই পচে যাবে। সেই সময় কখনোই আসবে না।'এই নিয়ে যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ জানান হুমায়ুন। হুমায়ুন কবীর বলেন, 'এটা লখনউ বা উত্তরপ্রদেশ নয়, অযোধ্যাও নয়, এটা বাংলা। এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত। ভারতীয় সংবিধান অনুযায়ী মুসলিমদেরও মসজিদ নির্মাণের অধিকার রয়েছে... যেমন অন্যরা মন্দির বা গির্জা নির্মাণ করে।'
হুমায়ুন কবীর বলেন, ২০২৫ সালের ৬ ডিসেম্বর, বাবরি কাঠামো ধ্বংসের বার্ষিকীতে তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এখন ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। জানিয়েছিলেন জমিও তৈরি। এহেন ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে শাসকদল তৃণমূল। এরপরই দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। গত বুধবার বেলডাঙায় শুরু হয় বাবরি মসজিদের নির্মাণ কাজ।