
বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে প্রচারের ঝড় তুলতে বড়সড় রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে ‘পরিবর্তন যাত্রা’ চালাবে ভারতীয় জনতা পার্টি। এই যাত্রার পরেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে ভোটের দামামা বাজাতে চাইছে দল। এদিকে তৃণমূলও পিছিয়ে নেই। বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার আবেদনের আমন্ত্রণ জানিয়ে ড্রপ বক্স বসিয়েছে রাজ্যের শাসক দল। আগামী বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন ওই বক্সে। আর এই বক্স বসানোর পর থেকে প্রার্থী হতে চেয়ে আবেদনের বন্যা।
তৃণমূলের প্রার্থী হওয়ার সুযোগ
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। আশা করা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহেই ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই আবহেই ২০২৬-এর ভোটে প্রার্থী খুঁজছে তৃণমূল কংগ্রেস। দলের সদর কার্যালয়ে বসেছে ‘বায়োডেটা বক্স’। তৃণমূল ভবনে এই বায়োডেটা বক্স বসানো হয়েছে গত সোমবার। আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন ওই বক্সে। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য bangla.ajjtak.in-কে জানিয়েছেন প্রতিবারের মতো এবারও তৃণমূল ভবনে এই ড্রপ বক্স বসানো হয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা এখানে তাঁদের নিজের বায়োডাটা জমা দিতে পারবেন। পাশাপাশি বিধানসভা ভোটে দল তাঁকে প্রার্থী করলে তিনি ভোটে লড়তে প্রস্তুত বলেও জানান দেবাংশু।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই বক্স বসানো হয়েছে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, ২রা মার্চ পর্যন্ত এই ড্রপ বক্স থাকবে ভবনে। তারপর শুরু হবে বাছাই পর্ব। যদিও গত কয়েক মাস ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়েছে ওই ড্রপ বক্সে। ডাক্তার থেকে সমাজসেবী, পড়ুয়া—অনেকেই রয়েছেন তালিকায়। প্রার্থী হতে চেয়ে কলকাতা, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বায়োডেটা জমা দিচ্ছেন অনেকেই। বিধানসভা নির্বাচনে নতুন মুখ খুঁজতেই এই উদ্যোগ বলে খবর।