
বুধবার বড় ঘোষণা করলেন অল ইন্ডিয়া মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা মিম-এর প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়েইসি। এদিন কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে মিম-এর জোটের প্রকাশ্যে সিলমোহর দেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “এআইএমআইএম জোট করছে হূমায়ুন কবীরের দলের সঙ্গে। দু একটি সিট আছে আলোচনায়। বাকি সব ঘোষণা হবে শীঘ্রই। রাজ্যে সংখ্যালঘু নেতা নেই যেখানে, সেখানে মানুষের অসুবিধা রয়েছে। আগামী দিনেও এই জোট থাকবে।”
সাংবাদিক বৈঠক থেকে একসঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান আসাদউদ্দিন ওয়েইসি। পাশাপাশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিন বাবরি মসজিদ নিয়েও মুখ খোলেন তিনি। মিম প্রেসিডেন্ট দাবি করেন, "প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র। যেমন ভাবে যে কোনও মন্দির হিন্দুর কাছে পবিত্র, কোনও গির্জা খ্রিস্টানদের কাছে পবিত্র, যেমন কোনও গুরুদ্বার শিখদের কাছে পবিত্র, তেমনই প্রতিটি মসজিদ মুসলিমদের কাছে পবিত্র।" তিনি বলেন, "কোরানে বলা আছে, আল্লহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।"
পাশাপাশি, খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধেও নিশানা করেন মিম নেতা। তিনি প্রশ্ন করেন, মুসলমানদের জন্য রাজ্যে কী উন্নয়ন করা হয়েছে? তাঁর অভিযোগ, মুসলিমদের কাজ করেনি তৃণমূল। মুসলিমদের ক্ষমতায়নের জন্য কোনও কাজ করেনি এই সরকার। শুধুমাত্র ভোটের জন্য মুসলিম সমাজকে ব্যবহার করেছে।
'বাবরি' নাম নিয়ে আপত্তি প্রসঙ্গে কী বললেন ওয়েইসি?
মসজিদের নাম বাবরি কেন? সেই প্রশ্নের উত্তরে মিম নেতা বলেন, "কী খাব, কী পড়ব, কী বলব, কী নাম রাখব? এগুলো সব অন্য কেউ ঠিক করে দেবে? তাহলে তাঁরাই নাম বলুক। এরকম ভাবে হতে পারে না।"
অন্যদিকে, এদিন সাংবাদিক বৈঠক থেকে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকের ঘোষণা করে দেন হুমায়ুন কবীরও। 'বাঁশি' বা হুইসেল প্রতীকে ছাব্বিশের নির্বাচনে লড়বে আম জনতা উন্নয়ন পার্টি।