
আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে SIR-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যে চলে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই কেন্দ্রীয় বাহিনী রওনা দিচ্ছে, শনিবারের মধ্যেই রাজ্যে চলে আসার কথা। প্রসঙ্গত, আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই খবর। ফলে সবমিলিয়ে মার্চের প্রথম দেড় সপ্তাহের মধ্যেই দু'দফায় বাংলায় মোট ৪৮০ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হচ্ছে।
কোথায় কত কোম্পানি বাহিনী?
সূত্রের খবর, কমিশন এবং রাজ্য পুলিশ যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি বাহিনী দেওয়া হবে পূর্ব মেদিনীপুরে, ১৪ কোম্পানি। কলকাতা এবং মালদা পাবে ১২ কোম্পানি করে। দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী পাঠানো হবে পয়লা মার্চের মধ্যে। বিধাননগর পুলিশ কমিশনারেটে চার কোম্পানি বাহিনী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কালিম্পংয়ে সবচেয়ে কম, ৩ কোম্পানি। বাকি সব জায়গায় ৫-৮ কোম্পানি করে ভাগ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহারে ৯, দার্জিলিংয়ে ৬, জলপাইগুড়িতে ৭, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি পাঠানো হচ্ছে। দক্ষিণবঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটে ৭, ব্যারাকপুরে ৯, বারাসত ও ডায়মন্ড হারবারে ৬ এবং বারুইপুরে ৫ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত। এছাড়া বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও সুন্দরবনে ৪-৫ কোম্পানি রাখা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের ৩৫টি এলাকায় বাহিনী পাঠানো হচ্ছে এই পর্বে।
অর্থাৎ, বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু'দফায় ওই বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল আটটি দফায়। সেজন্য প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার এখনও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে রাজ্যে।