হেঁটে মিছিল করে গিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করলেন ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করেন মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, এলাকার একাধিক কাউন্সিলর এবং তাঁর পরিবারের লোকজন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নমিনেশন জমা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি ৩৬৫ দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব এখানেই। ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি। তাই ভাবনীপুরের বাসিন্দাদের আমার প্রণাম, সেলাম, ধন্যবাদ, নমস্কার। একইসঙ্গে তাঁর বক্তব্য, 'মনে দুঃখ রয়েছে। এত নাম বাদ গিয়েছে মানুষের। ৩২ লক্ষের নাম উঠেছে সুপ্রিম কোর্টে আমার কেস করার জন্য। বাদবাদি যে ২৭ লক্ষ বাদ পড়েছে, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা বিচারাধীন রয়েছেন, তাঁরা জেনুইন ভোটার। ফ্রোজেন করে দেওয়ার মানে কী? আবার বিচার চাইব।'