I-PAC কণ্ডে রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছেন ইডির আইনজীবী। আর এ নিয়েই শুরু হল নতুন রাজনৈতিক তরজা। ED-কে সমর্থন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলছেন এবং এবার তিনি নিজেই ফেঁসে গিয়েছেন। হলফনামায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে ইডির অফিসারের সঙ্গে কথা বলে তিনি কিছু নথি নিয়েছিলেন, কিন্তু ৮ জানুয়ারি I-PAC অফিসের বাইরে যুদ্ধজয়ের ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি সব নিয়ে নিয়েছি। নিয়ে যেতে দিইনি।” কোথাও তিনি অনুমতি নিয়ে নথি নেওয়ার কথা বলেননি। তাই এখন হলফনামার বক্তব্যের সঙ্গে সেদিনের বক্তব্য মিলছে না।’ পাশাপাশি শুভেন্দুর আরও দাবি, 'জেলে যাওয়ার আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যা কথা বলছেন। হলফনামা ও সেদিনের ভিডিও ফুটেজ পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে, যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী।'