Advertisement

India-Bangladesh visa services: ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল ঢাকা, তারিকের প্রথম বিদেশ সফর কি দিল্লি?

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার।
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে। প্রায় দুই মাস ধরে এই পরিষেবা স্থগিত ছিল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে দুই দেশের সম্পর্কের অবনতির জেরে গত ডিসেম্বরে কনস্যুলার ও ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। ভারতবিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে ভারতবিরোধী স্লোগান ওঠে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনাও ঘটে। ফলে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়।

তবে ঢাকায় নেতৃত্ব পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সূত্রের খবর, ব্যবসা ও কর্মসংস্থান সংক্রান্ত ভিসা আগেই চালু ছিল, কিন্তু এখন চিকিৎসা, পর্যটন-সহ সমস্ত বিভাগেই ভিসা পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

অন্যদিকে, ভারতও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সম্পূর্ণভাবে চালু করার পথে এগোচ্ছে। সিলেটে ভারতের এক সিনিয়র কনস্যুলার কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। খুব শিগগিরই পর্যটনসহ অন্যান্য সব ধরনের ভিসা পরিষেবা চালু হবে।

এই পদক্ষেপগুলিকে দুই দেশের সম্পর্কোন্নয়নের প্রাথমিক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মোদীর আমন্ত্রণপত্রও তুলে দেন।

এখন দেখার, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে দিল্লিকেই বেছে নেন কি না। অতীতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীরা প্রথম বিদেশ সফরে ভারত সফরের রীতি অনুসরণ করেছেন। যদিও গত বছর মুহাম্মদ ইউনূস প্রথম সফরে চিন যাওয়ায় সেই প্রথা ভেঙেছিল, যা নয়াদিল্লিতে অসন্তোষের কারণ হয়েছিল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement