
বাংলাদেশে ভোট শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায়। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বকে ঘিরে রাজধানী ঢাকায় দেখা গেল অভিনব উদ্যোগ। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও উৎসবের আবহ গড়ে তুলতে রাজপথে টহলে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘মাউন্টেড পুলিশ’ বা অশ্বারোহী বাহিনী।
বিবিসি সহ একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টহলের কাজে ব্যবহৃত ছ’টি ঘোড়া ভারত থেকে আনা হয়েছে। এই বিশেষ বাহিনীকে চারটি দলে ভাগ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি-সহ একাধিক এলাকায় সুসজ্জিত ঘোড়ায় চেপে পুলিশকর্মীদের টহল নজর কেড়েছে সাধারণ মানুষের।
লাল ও হলুদ রঙের সাজে সজ্জিত ঘোড়াগুলির গায়ে লেখা, 'আছে পুলিশ জনপদে, ভোট দিন নিরাপদে।' পুলিশকর্মীদের পরনে বিশেষ সুরক্ষা সরঞ্জাম ও হেলমেট, হাতে ডিএমপি-র পতাকা। পুলিশ সূত্রের বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য একদিকে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে ভোটকে ঘিরে ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা। যান্ত্রিক নগর জীবনের ব্যস্ততার মাঝেও অশ্বারোহী পুলিশের উপস্থিতি যেন ঐতিহ্য ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দিচ্ছে নাগরিকদের কাছে।
এদিকে, সকাল থেকেই ঢাকার বিভিন্ন বুথে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা ভোটাররাও ভোট দিতে এসেছেন। বুথের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত বড় ধরনের অশান্তির খবর মেলেনি।
তবে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। জামাত ও বিএনপির কিছু কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। কয়েকটি কেন্দ্রে নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্টদের সরিয়ে দিয়েছে।
সব মিলিয়ে, নিরাপত্তা ও নজরদারির কড়া ব্যবস্থার মধ্যেই বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। অশ্বারোহী পুলিশের টহল এই নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন অনেকে।