
ঢাকায় এই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস-সহ সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদার পদাধিকারীদের ব্যক্তিগত সম্পত্তির বিস্তারিত বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হলো। শুধু তাই নয়, তাঁদের জীবনসঙ্গীদের সম্পত্তির তথ্যও এই প্রকাশিত হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি হওয়া সরকারি নির্দেশিকা অনুসারেই এই সম্পত্তির বিবরণ প্রকাশ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ সম্পত্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকাশিত নথি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস ২০২৪ সালে মোট সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন বাংলাদেশি টাকা ১৪ কোটি ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৩। ২০২৫ সালে তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লক্ষ ৪৪ হাজার ৭৫ টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সম্পত্তির বিপরীতে তাঁর কোনও দেনা বা দায় নেই।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে প্রশাসনিক স্তরে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক মহম্মদ ইউনূসপ্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পত্তির হিসাব প্রকাশ করা হবে। সেই সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের সম্পদের হিসাব জনগণের সামনে আনা হবে।
একই সঙ্গে তিনি ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান। তাঁর মতে, আগামী দিনে সরকারের সব কর্মকর্তা ও কর্মচারীর জন্য নিয়মিত এবং বাধ্যতামূলকভাবে সম্পত্তির বিবরণ প্রকাশের ব্যবস্থা চালু করা হবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জনগণের আস্থা ফেরাতে এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা।