
হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার একাধিক ঘটনা সামনে এসেছে। ভোটের আগে একাধিক হিন্দু হত্যার ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। আর এই আবহেই সামনে এল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। নিজের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গঙ্গোপাধ্যায়ের(২৫) দেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রবিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়ার হাইস্কুল সড়কের বাড়ি থেকে অনন্য গঙ্গোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়। অনন্য কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গঙ্গোপাধ্যায় ও রাধারানি ভট্টাচার্যের ছেলে। তাঁর মা রাধারানি কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বাবা প্রদ্যুৎ কুমার গঙ্গোপাধ্যায় কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য গঙ্গোপাধ্যায় ঢাকা থেকে বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে তিনি তাঁর শোবার ঘরে চলে যান। সকাল ৮টার দিকে ব্রেকফাস্ট বানিয়ে তাঁর মা খাবার জন্য ডাকেন। এ সময় তাঁর কোনও সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলছেন। এরপর খবর পেয়ে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে।
অনন্যর মা রাধারানি বলেন, ‘অনন্ বাড়ি আসার পর আগের মতোই আচরণ করেছে। আমার সঙ্গে কোনও দিন কোনও বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটাল, বুঝতে পারছি না। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল।’ কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পরিবারের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়।
জানা যাচ্ছে পিএসসি, জেএসসি, এসএসসি—তিন পরীক্ষাতেই মেধার প্রমাণ দিয়ে বৃত্তি পেয়েছিলেন অনন্য। কিন্তু কলেজে উঠে মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু ফিরেই প্রথম হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। হয়েছিলেন সবার সেরা। পরে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। সূত্রের খবর, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অনন্যর বাবা জানান, তাঁর ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।
এদিকে, অনন্য গঙ্গোপাধ্যায়ের রহস্য মৃত্যু নিয়ে আওয়ামী লিগ অভিযোগ করেছে, সরকার পর্যাপ্ত তদন্ত ছাড়াই সংখ্যালঘু ছাত্রের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। দলটি প্রশ্ন তুলেছে, স্বচ্ছ তদন্তের আগে অনন্য গঙ্গোপাধ্যায়ের মৃত্যুকে তাড়াহুড়ো করে 'মানসিক অসুস্থতার' ঘটনা হিসেবে চিত্রিত করা হচ্ছে কিনা।