
বাংলাদেশে সরকার তৈরি করেছে বিএনপি। তারপরই ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তারেক রহমানের সরকার বুধবার জানিয়েছে যে সমস্ত দেশের সঙ্গে 'সম্মানজনক সম্পর্ক' তৈরি করবে বাংলাদেশ। আর সরকারের পক্ষ থেকে এই বার্তা পাওয়ার পরই ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
যদিও এই প্রসঙ্গে বাংলাদেশের সদ্য নিযুক্ত বিদেশমন্ত্রী খালিলুর রহমান নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন তাদের সরকারের পক্ষ থেকে 'বাংলাদেশই প্রথম' নীতি নেওয়া হবে। এই নীতি অনুসরণ করেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে বাংলাদেশ। তবে তাঁদের কাছে সবার আগে থাকবে দেশের মানুষের স্বার্থ। সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যেই পারস্পরিক সম্পর্কের পর্যালোচনা করা হবে। সেই মতো বদলও হতে পারে রসায়নে।
খালিলুর রহমান বলেন, 'যেখানে যেখানে জটিলতা দেখা যাবে, সেখানে বাধা সরানো হবে। সম্পর্ককে স্বাভাবিক করা হবে।' তবে তিনি একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে কারও প্রভাবে বাংলাদেশের বিদেশনীতি চলবে না। তাঁর কথায়, 'বিদেশ নীতি একটা জটিল বিষয়। আমাদের লক্ষ্য হল বাংলাদেশের মানুষের এবং জাতীয় স্বার্থে এই নীতি প্রণয়ন করার।'
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে
জুলাই, অগাস্ট আন্দোলনের পর থেকেই ভারতে রয়েছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে ফেরত চেয়ে ইতিমধ্যেই একাধিকবার গলা তুলেছে মহম্মদ ইউনূস সরকার। আর সেই লাইনেই খেলতে চাইছে নতুন বিএনপি সরকারও। তারাও হাসিনাকে ফেরত পাওয়ার কথা বলতে শুরু করেছে। এটাই ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে।
যদিও নতুন সরকার জানিয়ে দিয়েছে যে এই দাবির জন্য কোনও দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না।
'মব কালচার' শেষ হয়ে গিয়েছে
উত্তেজিত জনতা বা মব-এর হাতে ছিল বাংলাদেশ। আর সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী শালাহউদ্দীন আহমেদ। সরকারের পক্ষ থেকে এই সংস্কৃতিকে পাত্তা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়েছে শেখ হাসিনার পদচ্যুত হওয়ার পরই। মহম্মদ ইউনূস কুর্সি দখল করার পরই ভারত বিদ্বেষ চরমে ওঠে। এই সময় উগ্র ইসলামপন্থী জামাত-ই ইসলামি এবং ছাত্রদের দল এনসিপি নয়া দিল্লির জোর বিরোধীতা শুরু করে। তবে জাতীয় নির্বাচনে তাদের হার হয়েছে। এখন সরকারে বিএনপি। তাই দেখার কোন দিকে এগয় ভারত এবং বাংলাদেশ সম্পর্ক!