
'ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬'-এ 'দ্য ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ' থিম নিয়ে আলোচনা হয়। এই কনক্লেভে অংশ নেন প্রায় চার দশক ধরে বলিউডে সুপারস্টার হিসেবে রাজত্ব করা অভিনেতা অনিল কাপুর। তিনি 'The Ageless Rebel: Rewriting the Rules of Stardom' সেশনে নিজের মতামত শেয়ার করেন।
অনিল কাপুরকে এভারগ্রিন বলা হয়ে থাকে। কীভাবে নিজের বয়স তিনি ধরে রেখেছেন? তখন অভিনেতা মজার ছলে জানান, তাঁর তারুণ্যের রহস্য গোঁফ নয়, বরং দাড়ি। তিনি জানান, 'করিয়ারের শুরুতে প্রায়ই আমাকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেকেই মনে করতেন কিছু চরিত্রের জন্য আমার বয়স কম দেখাচ্ছে। তাই একটু বেশি পরিণত দেখানোর জন্য তিনি দাড়ি রাখতে শুরু করি।'
তিনি স্মৃতিচারণ করে বলেন, যখন তিনি 'ওহ সাত দিন' ছবিতে অভিনয় করেছিলেন, তখন অনেকের মনে হয়েছিল এই চরিত্রটি সঞ্জীব কুমারের মতো অভিজ্ঞ অভিনেতার পাওয়া উচিত ছিল। কারণ অনিলকে সেই চরিত্রের জন্য খুবই তরুণ দেখাচ্ছিল। তারপর 'মিস্টার ইন্ডিয়া'-সহ নানা ছবিতে দাড়ি রাখতে থাকেন।
ইন্ডাস্ট্রির প্রচলিত ধারণা ভেঙেছিলেন অনিল
অনিল কাপুর বলেন, অনেক চলচ্চিত্র নির্মাতা তাঁকে দেখে বলতেন, 'তুমি এখনও খুব বাচ্চা বাচ্চা দেখতে' বা 'তোমার চোখ খুব ছোটো।' সেই সময় ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় প্রতিষ্ঠিত তারকা ছিলেন, যাদের সামনে নিজেকে প্রমাণ করা ছিল বড় চ্যালেঞ্জ। একটু বেশি পরিণত এবং আলাদা দেখানোর জন্য তিনি দাড়ি সামান্য বাড়িয়ে রাখতেন, যাতে পর্দায় আরও পরিণত দেখায়।
কথোপকথনের সময় একটি মজার ঘটনা শেয়ার করে তিনি বলেন, তখন ইন্ডাস্ট্রিতে একটি কথা খুব প্রচলিত ছিল— 'যার গোঁফ আছে, সে কখনও বড় তারকা হতে পারে না।' কিন্তু এই ধরনের ধারণাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন।
দেব আনন্দের সঙ্গে তুলনা নিয়ে কী বললেন
কনক্লেভে যখন তাঁর তুলনা কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের সঙ্গে করা হয়, তখন অনিল কাপুর বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, 'না, আমার সঙ্গে তাঁর তুলনা হতে পারে না। আমি দেব আনন্দ সাহেবের মতো নই, আমি শুধু অনিল কাপুর।'
'ধুরন্ধর ২' নিয়ে অফার ফিরিয়েছিলেন
অনিল কাপুর জানান, পরিচালক আদিত্য ধর তাঁকে 'ধুরন্ধর ২'-এ একটি ছোট ক্যামিও চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন তিনি অন্য কয়েকটি ছবির জন্য ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাই তিনি সেই অফার গ্রহণ করেননি। তাঁর কথায়, 'আমি ওই চরিত্রটি পছন্দ করেছিলাম, কিন্তু তখন অন্য ছবির জন্য কমিটমেন্ট ছিল। সেই প্রতিশ্রুতি ভেঙে দেওয়া খুবই অপেশাদার আচরণ হতো। তাই আমি না বলেছি। ভবিষ্যতে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব।'