Advertisement

Arijit Aamir: 'তোমার সঙ্গে কাটানো ৪ দিন ম্যাজিকল...', অরিজিতের বাড়িতে থাকার কারণ জানালেন আমির

Bollywood News: সকলের মনেরই ঘুরছিল নানা রকম প্রশ্ন। কেন অরিজিতের বাড়িতে  আমির? সকলেই আসল কারণ জানতে চাইছিলেন। এবার সামনে এল আসল খবর।    

অরিজিৎ- আমির (ছবি: ইনস্টাগ্রাম) অরিজিৎ- আমির (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 4:23 PM IST

একজন দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় গায়ক, অন্যজন বলিউডের তাবড় অভিনেতা ও প্রযোজক। কথা হচ্ছে অরিজিৎ সিং ও আমির খানকে নিয়ে। সপ্তাহ খানেক শিরোনামে দুই তারকা। দু'জনে দেখা করেন। তাও আবার মুর্শিদাবাদে, অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। নেটমাধ্যমে এখন ঘুরছে নানা ভিডিও। সকলের মনেরই ঘুরছিল নানা রকম প্রশ্ন। কেন অরিজিতের বাড়িতে  আমির? সকলেই আসল কারণ জানতে চাইছিলেন। এবার সামনে এল আসল খবর।    

সম্প্রতি, অরিজিৎ সিংয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে হতবাক সকলে। মুহূর্তে একেবারে হৈচৈ পড়ে যায় নেটমাধ্যমে। মন ভাঙে অনুগামীদের। কেউ আবার প্রশ্ন তোলেন, এটা কোনও প্রচার কৌশল না তো? আবার কারও মতে, সময় থাকতে নিজে সরে গিয়ে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া তাঁর পক্ষেই সম্ভব। আবার শিল্পীর রাজনীতির ময়দানে পা রাখার জল্পনাও চলছে। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এই নিয়ে নানা জলঘোলা হচ্ছে। অরিজিতের মন ভারাক্রান্ত অনুগামীদের পোস্টে ভরেছে নেটমাধ্যম। এরই মাঝে জিয়াগঞ্জে হঠাৎ আমিরের আগমনে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গেওঠে, জোরালো চর্চা হয়।

আমির, অরিজিতের বাড়িতে দিন চারেক ছিলেন। তবে কোনও তারকাসুলভ আয়োজন চাননি 'মিস্টার পারফেকশনিস্ট'। একেবারে সাধারণভাবেই অরিজিতের বাড়িতে সময় কাটাতে চেয়েছেন তিনি। অত্যন্ত গোপনে কলকাতা থেকে সড়ক পথে জিয়াগঞ্জে পৌঁছেছিলেন আমির। ঘরোয়া আবহে খাওয়া-দাওয়া, আড্ডা, ঘুড়ি ওড়ানো ইত্যাদির পাশাপাশি জমিয়ে কাজ চলেছে। আসলে আমিরের ছবি 'এক দিন'-র গান দিয়েই একসঙ্গে কাজ করছিলেন দু'জনে। 

'এক দিন' ছবির টিজার চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছে। এই ছবির সঙ্গে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন অরিজিৎ। সোমবার আমিরের প্রযোজনা সংস্থার পেজ থেকে একটি পোস্ট হয়। শিল্পীর সঙ্গে কাজের মাঝখানের একটি লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করে আমির লেখেন, "ধন্যবাদ অরিজিৎ আমাদের 'এক দিন' ছবিতে তোমার কণ্ঠ দেওয়ার জন্য। তোমার, তোমার পরিবার, টিমের সঙ্গে কাটানো ৪ দিন ম্যাজিকের মতো ছিল...।"   

Advertisement

 

'এক দিন' ছবিটি পরিচালনা করছেন সুনীল পাণ্ডে। ছবিটি মুক্তি পাবে আমির খান প্রোডাকশনের ব্যানারে। সঙ্গীত পরিচালনা করছেন রাম সম্পথ। এর আগে 'লাপাতা লেডিজ' ছবিতেও রামের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছিলেন অরিজিৎ। মুখ্য চরিত্রে সাই পল্লবী ও জুনেইদ খান। সব ঠিক থাকলে এবছর ১ মে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে অরিজিতের গান নিয়ে নিঃসন্দেহে সকলের অপেক্ষা তুঙ্গে। 

প্রসঙ্গত, বলিউড থেকে হলিউড, অরিজিৎ সিংয়ের বাড়িতে মাঝে মধ্যেই বিভিন্ন তারকাদের দেখা যায়। এর আগে এড শিরান, বাদশার সহ আরও অনেকে এসে থেকেছেন শিল্পীর বাড়িতে। শুধু তাই নয়, অরিজিতের সঙ্গে স্কুটিতে চড়ে  জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল তাঁদের। নিতান্তই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং। পাপরাৎজ্জিদের থেকে দূরে থাকেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী সংবাদমাধ্যমকেও সাক্ষাৎকার দেন না। তাঁকে দেখার জন্য, জিয়াগঞ্জের বাড়ির বাইরে ভিড় জমান বহু ফ্যানেরা। ছেলেদের স্কুল থেকে আনা হোক কিংবা দোকান- বাজার, প্রায়ই মুর্শিদাবাদের অলিগলিতে দেখা যায় তাঁকে। সকলের মুখেই শোনা যায় একেবারে মাটির মানুষ তিনি।  

 

Read more!
Advertisement
Advertisement