
বড়পর্দায় দেখা না গেলেও, কাজ থামেনি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। নিজের ব্যান্ড 'হুলিগানিজম'-এর দৌলতে অভিনেতার গান সকলের কাছেই পৌঁছে যাচ্ছে। 'হুলিগানিজম' মানেই তাঁদের গান ভাইরাল হবেই এবং চলমান সময়ের গানকেই বেছে নেন অনিবার্ণ, দেবরাজরা। এবারেও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শো করতে গিয়ে আরও একবার তাঁদের গান ভাইরাল হল।
গত বছর 'হুলিগানিজম'-এর মেলার গান দারুণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় তিন রাজনৈতিক দলকে একই সূত্রে বেঁধে নিয়েছিল অনির্বাণের এই ব্যান্ডের গান। আর এবার তাঁদের নতুন গানেও শোনা গেল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিছু আভাস। গানের শব্দ এমনই, যা শুনে বোঝাই যাবে অনির্বাণ-দেবরাজের 'হুলিগানিজম' সরাসরি নির্বাচনে তিন রাজনৈতিক দলকে কটাক্ষ করেছেন। আর সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল অনির্বাণের কন্ঠে গাওয়া এই গান।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শো ছিল 'হুলিগানিজম'-এর। আর সেখান থেকেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনির্বাণের গলায় শোনা যায় নতুন রাজনৈতিক দল গড়ার আবেদন। গানে গানে কী বলছেন গায়ক-অভিনেতা? ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে অনির্বাণ বলছেন, শুধু তৃণমূল, বিজেপি আর সিপিএম। বেশ কয়েকবার এই কথাগুলো বলার পর ব্যান্ডের আর এক সদস্য অনির্বাণকে বলেন, আরে আগে বোল। এরপর অনির্বাণ দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, বলুন নতুন পার্টি চান। দর্শকেরাও চিৎকার করে বলে ওঠেন চাই। অনির্বাণ এরপর বলে ওঠেন, বাঁশ, বাঁশ। বাঁশ চিহ্নে ভোট দিয়ে যান জয় শ্রী হুলিগান।
অনির্বাণ ও তাঁর ব্যান্ডের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়াতে ফের ভাইরাল। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই গান বেঁধেছে 'হুলিগানিজম'। যেখানে ফের 'মেলার গান'-এর মতো রাজ্যের তিন রাজনৈতিক দলের কথাই উল্লেখ করা হয়েছে। আর এই গানের মাধ্যমেই অনির্বাণ নতুন দল নিয়ে আসার কথাও বলেছেন। যদিও সবটাই গানের ভঙ্গীমায়। এমনিতে অনির্বাণ তাঁর রাজনৈতিক অবস্থান কোনওদিনই স্পষ্ট করেননি। রাজনীতি থেকে বরাবরই নিজেকে দূরে রাখেন অভিনেতা।
'হুলিগানিজম' কথাটার আক্ষরিক অর্থ গুণ্ডামি বা রাহাজানি। তবে এই ব্যান্ড হুলিগানিজম কিন্তু একেবারে অন্য রাস্তায় হাঁটে। গুণ্ডামি করে নয়, তাঁরা নাকি, 'গান দিয়ে হুল ফোটান'। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তো বটেই হুলিগানিজম-এর কনসার্ট শুনতে হাজির হন অনেক মধ্যবয়স্করাও। সার্কাজম আর প্যারোডির আদর্শ মিশেল হুলিগানিজম। বড়পর্দা-সিরিজে অনির্বাণকে দেখা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই সেই দূরত্ব ঘুচে যাবে বলে শোনা গিয়েছে। কিন্তু এর মাঝে থেমে থাকেনি হুলিগানিজম। দেশের একাধিক শহর ও এ রাজ্যেও বহাল তবিয়তে চলছে অনির্বাণ-দেবরাজদের হুলিগানিজম।