
পরম-পিয়ার একমাত্র পুত্র নিষাদ তথা নডিকে ইতিমধ্যেই সবাই চিনে গিয়েছে। পরমব্রত ও পিয়ার ছেলের মুখ পুজোর আগেই প্রকাশ্যে আনা হয়। তাহলে পিয়ার কোলে থাকা এই একরত্তি কে? সম্প্রতি পিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর কোলে রয়েছে এক খুদে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে এই শিশুটি, যাকে আদর করতে ব্যস্ত পরম-জায়া।
পিয়ার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, পরমের স্ত্রী হলুদ রঙের কুর্তি পরেছেন, চোখে চশমা আর নতুন হেয়ার স্টাইলে তাঁকে সুন্দর লাগছে। আর পিয়ার কোলে যে রয়েছে, সে পড়েছে মাল্টি কালার টি-শার্ট ও সাদা প্যান্ট। পিয়া এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, সম্রাজ্ঞীর ঝুঁটির সঙ্গে প্রথম আলাপের ছবি। ফেব্রুয়ারি ২০৬। অর্থাৎ এটা সম্রাজ্ঞীর সন্তান। তবে পিয়ার কোলে থাকা এই খুদেও কিন্তু স্টারকিড। চিনে নিন শিশুটির মা ও বাবাকে।
টলিপাড়ার চিত্রনাট্যকার হিসাবেই পরিচিত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। যাঁর স্বামী তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ঝুঁটি ওরফে অরণ্যানী তাঁদেরই আদুরে কন্যা। তবে এই সন্তান তাঁদের দত্তক নেওয়া। নতুন বছরের শুরুতেই চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কন্য়া সন্তান দত্তক নিয়েছেন তাঁরা। সেই খবরও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে জানিয়েছিলেন সম্রাজ্ঞী। এখন সম্রাজ্ঞী ও অরূপের সময় কাটে ছোট্ট ঝুঁটিকে নিয়ে। আর তাঁদেরই দত্তক কন্যার সঙ্গে ফেব্রুয়ারিতেই আলাপ সারেন পিয়া। প্রসঙ্গত, একাধিক সিরিজ ও সিনেমার চিত্রনাট্যকার হিসাবে পরিচিত সম্রাজ্ঞী। গৃহপ্রবেশ, মুখার্জি দার বউ, ঠাকুমার ঝুলি, রাশ, অনুসন্ধান সহ একাধিক চিত্রনাট্য লেখার কাজ করে থাকেন সম্রাজ্ঞী। অপরদিকে তাঁর স্বামী অরূপ চক্রবর্তীও রাজনীতির চেনা মুখ।
পরম-পিয়ার জীবনে গত বছর জুনে মা-বাবা হওয়ার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে। কিছুমাস আগেই তাঁদের সন্তানের মুখে ভাত অনুষ্ঠানে চাঁদের হাট দেখা গিয়েছিল। সেই সময় সম্রাজ্ঞী ও অরূপের কোলে বসে ছবিও তুলেছিল পরম-পিয়ার ছেলে। তারকা দম্পতির সঙ্গে সম্রাজ্ঞী ও অরূপের সম্পর্ক যে পারিবারিক, তা বোঝাই যাচ্ছিল। সন্তান সামলানোর পাশাপাশি সমান তালে কাজও চালিয়ে যাচ্ছেন সম্রাজ্ঞী।